২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যাত্রীসেবায় শাহজালাল বিমানবন্দরে হটলাইন ও ওয়েবসাইট

বর্তমানে কল সেন্টার নম্বর ০৯৬১৪০১৩৬০০ চালু করা হয়েছে; পরবর্তীতে যেটির শর্ট কোড ১৩৬০০ করা হবে।

যাত্রীসেবায় শাহজালাল বিমানবন্দরে হটলাইন ও ওয়েবসাইট
হজরত শাহজালাল ‍আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-২ এর সামনে রোববার সন্ধ্যায় বিদেশ থেকে আসা যাত্রীদের অপেক্ষায় স্বজনরা। ছবি: আসিফ মাহমুদ অভি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2023, 12:41 AM

Updated : 28 Jul 2023, 12:43 AM

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কোনো হয়রানি বা অসুবিধার মুখোমুখি হলে যাত্রীরা কার কাছে যাবেন বা অভিযোগ দেবেন, তা খুঁজতে-খুঁজতেই অনেকটা সময় চলে যেত।

এবার এসব সমস্যা সমাধানে হটলাইন নম্বর, নতুন ওয়েবসাইট ও কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট (সিআরএম) সফটওয়্যার উদ্বোধন করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

সংস্থাটি বলছে, এখন থেকে বিমানবন্দর ব্যবহারকারী যাত্রীসহ সাধারণ মানুষও হটলাইন নম্বরে ফোন করে বিমানবন্দর সংক্রান্ত যে কোনো তথ্য জানতে পারবেন; অভিযোগ জানানোসহ যে কোনো সমস্যায় পড়লে সাহায্য চাইতে পারবেন তারা।

বৃহস্পতিবার বিমানবন্দরের লাউঞ্জে আনুষ্ঠানিকভাবে এই তিন সেবা উদ্বোধন করেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ডায়নামিক ওয়েবসাইটে (www.hsia.gov.bd) যাত্রীরা বিমানবন্দরের বিভিন্ন সেবা, কাস্টমস, ইমিগ্রেশন, এয়ারলাইন্সসহ সব ধরণের হালনাগাদ তথ্য পাবেন। কল সেন্টার ০৯৬১৪০১৩৬০০ নম্বরে ফোন করে যাত্রীরা সরাসরি অভিযোগের সমস্যার কথা জানাতে পারবেন এবং প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন।

নতুন সিআরএম সফটওয়্যারের মাধ্যমে মাধ্যমে বিমানবন্দরের তথ্যসেবা, লস্ট অ্যান্ড ফাউন্ড সেবা, কোন এয়ারলাইন্সের কোন ফ্লাইট কখন ছেড়ে যাবে, কখন পৌঁছবে তা ঘরে বসেই জানাতে পারবেন যাত্রীরা।

এছাড়া বিমানবন্দর-সংক্রান্ত যেকোনো প্রশ্নের উত্তর, কাস্টমস ডিউটি অফিসারদের নামের তালিকা, বেবিচকের সব সেবা, ইমিগ্রেশন পুলিশের সেবা, নিরাপত্তা সেবা ও প্রাথমিক চিকিৎসা সেবার তথ্য, হুইলচেয়ার সেবা, ব্যাংকিং ও মানি এক্সচেঞ্জ সেবা, জরুরি প্রয়োজনে বিমানবন্দরে কর্তব্যরত সব কর্মকর্তার ফোন নম্বর মিলবে এই সফটওয়্যারে।

অনুষ্ঠানে বেবিচক চেয়ারম্যান মফিদুর রহমান বলেন, “হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সেবার মান উন্নত করতে কয়েক মাস আগে আরও কয়েকটি সফটাওয়ার চালু করেছি। তারই ধারাবাহিকতায় আজ বিমানবন্দর কর্তৃপক্ষ এই তিনটি গুরুত্বপূর্ণ সার্ভিস চালু করল।”

সিভিল অ্যাভিয়েশন একটি সেবামূলক প্রতিষ্ঠান উল্লেখ করে তিনি আরও বলেন, “আমরা এই বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণ করছি। এর মাধ্যমে আমরা বিমানবন্দরের সেবার মান আরও উন্নত করতে পারবে। আগামী অক্টোবর এই টার্মিনাল উদ্বোধন হবে। তবে অবকাঠামা উন্নয়ন হলেই হবে না, বেবিচকের মূল উদ্দেশ্য হচ্ছে যাত্রী এবং এয়ারলাইন্সের সেবা নিশ্চিত করা।”

নতুন এসব ডিজিটাল উদ্যোগের মাধ্যমে যাত্রী সেবা নিশ্চিত করা হচ্ছে বলে বলে মনে করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম জানান, বর্তমানে বিমানবন্দরের কল সেন্টারের লং কোড ০৯৬১৪০১৩৬০০ নম্বরটি চালু হয়েছে। এর শর্ট কোড ১৩৬০০ চালু করার বিষয়টি প্রক্রিয়াধীন এবং বিটিআরটি অনুমোদনও দিয়েছে দিয়েছে।

ফলে খুব শিগগিরই এই সেবাটিও চালু করা হবে বলে জানিয়ে তিনি বলেন, “আমাদের নতুন ওয়েবসাইটটি যাত্রীদের জন্য অত্যন্ত সহায়ক হবে, যা ফ্লাইটের সময়সূচি থেকে চেক-ইন পদ্ধতি পর্যন্ত সবকিছুর তথ্য দেবে।”

ওয়েবসাইটটি বাংলা এবং ইংরেজি ভাষায় করায় বিদেশি যাত্রীরা এ্ সুবিধা ভোগ করতে পারবেন বলে জানান তিনি।