২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

মনিরুলের স্ত্রীর ৫, শ্যালকদের ৩ দিনের রিমান্ড

তদন্ত কর্মকর্তা ১০ দিনের রিমান্ড আবেদন করেছিলেন।

মনিরুলের স্ত্রীর ৫, শ্যালকদের ৩ দিনের রিমান্ড

সায়লা ফারজানা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 29 Nov 2026, 07:25 PM

Updated : 29 Nov 2026, 07:25 PM

বিমানবন্দর থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান মনিরুল ইসলামের স্ত্রী সায়লা ফারজানাকে পাঁচদিন এবং তার দুই শ্যালককে তিনদিন করে রিমান্ডে পেয়েছে পুলিশ।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম রোববার এ আদেশ দেন বলে জানিয়েছেন প্রসিকিউশন বিভাগের এসআই সাইফুল ইসলাম।

রিমান্ডে যাওয়া অন্য দুই আসামি হলেন—মনিরুল ইসলামের শ্যালক রেজাউল আলম শাহীন ও বুলবুল মিয়া মামুন।

এদিন দুপুরে উত্তরা গোয়েন্দা বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের পরিদর্শক গোলাম মর্তুজা এক আবেদনে তাদের কারাগারে আটক রাখার আবেদন করেছিলেন বলে জানিয়েছিলেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন। তবে সন্ধ্যার দিকে আরেক আবেদনে ওই পুলিশ কর্মকর্তা আসামিদের ১০ দিনের রিমান্ড চান।

রাষ্ট্রপক্ষে কৌঁসুলি সুমন রিমান্ড আবেদনের পক্ষে যুক্তি তুলে ধরেন। অন্যদিকে আসামিদের পক্ষে আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী রিমান্ড আবেদনের বিরোধিতা করে জামিনের আবেদন করেন।

দুই পক্ষের শুনানি নিয়ে আদালত সায়লা ফারজানার পাঁচ দিন এবং শাহীন ও মামুনের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

Image

রেজাউল আলম শাহীন

শনিবার গভীর রাতে সায়লা ফারজানা ও তার ভাই রেজাউল আলম শাহীনকে মিরপুর ডিওএইচএস থেকে এবং আরেক ভাই বুলবুল মিয়া মামুনকে মিরপুর ১৫ নম্বরের বিজয় রাকিন সিটি থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মামলার বিবরণ অনুযায়ী, গত ১৭ নভেম্বর রাত ১টার দিকে ৩০ থেকে ৩৫ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি বিমানবন্দরের গোলচত্বর এলাকায় তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটান। তাদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের কয়েকজন সদস্য ছিলেন। বিস্ফোরণে চারজন আহত হন।

এ ঘটনায় বিমানবন্দর থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে পুলিশ।

Image

বুলবুল মিয়া মামুন

পঞ্চদশ বিসিএসের মাধ্যমে পুলিশে যোগ দেওয়া মনিরুল ইসলাম সবশেষ পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধানের দায়িত্ব পালন করছিলেন। রাজনৈতিক পটপরিবর্তনের পর ২০২৪ সালের ১৩ অগাস্ট তাকে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়। একই দিন আরেক আদেশে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।

ওই দিনই একদল কর্মকর্তার তোপের মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের দায়িত্বে থাকা সায়লা ফারজানাকে দপ্তর ছাড়তে হয়েছিল। কর্মকর্তারা তাকে কক্ষে আটকে রাখলে ঊর্ধ্বতন কর্মকর্তারা পুলিশি পাহারায় তাকে বাসায় পাঠান।

এরপর ২০২৫ সালের ২০ ফেব্রুয়ারি চাকরির বয়স ২৫ বছর পূর্ণ হওয়ার দিন সায়লা ফারজানাকেও ‘জনস্বার্থে’ বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।

সরকারি চাকরি আইন-২০১৮-এর ৪৫ ধারায় বলা হয়েছে, কোনো সরকারি কর্মচারীর চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হওয়ার পর সরকার জনস্বার্থে প্রয়োজন মনে করলে কোনো কারণ না দেখিয়েই তাকে চাকরি থেকে অবসর দিতে পারে।