১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সনদ জালিয়াতি: সাবেক চেয়ারম্যানের স্ত্রী সেহেলার জামিন শুনানি বৃহস্পতিবার

দুই দিনের রিমান্ড শেষে কারাগারে রয়েছেন তিনি।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2024, 07:38 PM

Updated : 24 Apr 2024, 07:38 PM

সনদ জালিয়াতির ঘটনায় গ্রেপ্তার বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যানের স্ত্রী মোছা. সেহেলা পারভীনের জামিন শুনানি হবে বৃহস্পতিবার। 

বুধবার ঢাকার মহানগর হাকিম আতাউল্লাহর আদালতে রিমান্ড শেষে তার জামিনের শুনানি হওয়ার কথা থাকলেও তা হয়নি। তার আইনজীবী আবদুর রহমান শুনানি পেছানোর আবেদন করলে বিচারক বৃহস্পতিবার জামিন শুনানির দিন ধার্য করেন। 

আদালতে মিরপুর মডেল থানার সাধারণ নিবন্ধন শাখার এসআই জালাল উদ্দিন এ তথ্য জানান। 

গত রোববার সেহেলা পারভীনকে জিজ্ঞাসাবাদে দুই দিনের হেফাজতে পেয়েছিল গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। আদালত জামিনের আবেদন শুনানির জন্য বুধবার দিন রেখেছিলেন।

কারিগরি শিক্ষা বোর্ডের সনদ জালিয়াতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে গত শনিবার উত্তরা ১৮ নম্বর সেক্টরের রাজউক অ্যাপার্টমেন্ট থেকে সেহেলাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।  

গত ১ এপ্রিল একই অভিযোগে গ্রেপ্তার হন কারিগরি শিক্ষা বোর্ডের সিস্টেম

অ্যানালিস্ট প্রকৌশলী এ কে এম শামসুজ্জামান। শামসুজ্জামানকে জিজ্ঞাসাবাদে সেহেলার নাম উঠে এলে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছিল ডিবি। 

কারিগরি শিক্ষা বোর্ডের সনদ জালিয়াতির ঘটনায় আলী আকবরের স্ত্রী সেহেলাসহ এ পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ বলছে প্রায় পাঁচ হাজার সনদ জালিয়াতির মাধ্যমে বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

এর মাধ্যমে লাখ লাখ টাকা আয় করেছে তারা। এসব সনদ নিয়ে কেউ চাকরি করছে, কেউ দেশের বাইরে চলে গেছে। 

গ্রেপ্তার ছয়জনের মধ্যে তিনজন আদালতে তাদের অপরাধ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে।  

আরও পড়ুন:

সনদ বাণিজ্য: সরানো হল কারিগরি বোর্ডের চেয়ারম্যানকে

জালিয়াত চক্রের সঙ্গে ‘অর্থ লেনদেন’: কারিগরি বোর্ডের চেয়ারম্যানের স্ত্রী রিমান্ডে

জালিয়াত চক্রের সঙ্গে ‘অর্থ লেনদেন’: কারিগরি বোর্ডের চেয়ারম্যানের স্ত্রী গ্রেপ্তার

সনদ বাণিজ্যের অভিযোগে কারিগরি বোর্ডের সিস্টেম অ্যানালিস্ট গ্রেপ্তার

পুরানো খবর:

সনদ জালিয়াতি: নিজের ‘দায় দেখছেন’ কারিগরি বোর্ডের সাবেক চেয়ারম্যান