১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে কুপিয়ে ছিনতাই, গ্রেপ্তার ২

গ্রেপ্তার দুজনের কাছ থেকে দুটি চাপাতি, একটি রক্তমাখা শার্ট এবং ছিনতাই হওয়া মোবাইল ফোনটি উদ্ধার করার কথা জানিয়েছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2023, 12:27 PM

Updated : 05 Apr 2023, 12:27 PM

ঢাকায় এক বিশ্ববিদ্যালয় ছাত্রীকে চাপাতি দিয়ে কুপিয়ে ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মহানগর পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার মো. আ. আহাদ জানিয়েছেন, মঙ্গলবার রাতে বাড্ডা থানার আনন্দনগর থেকে ইমরান হোসেন ওরফে জালালী (২৩) ও মো. শাহজাহানকে (২৮) গ্রেপ্তার করা হয়।

তাদের কাছ থেকে দুটি চাপাতি, একটি রক্তমাখা শার্ট এবং শিক্ষার্থী অপর্ণা আক্তার ইতির মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার দুজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে ‘অপরাধ স্বীকার করেছেন’ বলেও পুলিশের ভাষ্য।

পুরানো খবর:

ছিনতাইকারীর চাপাতির কোপে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী আহত

১৯ বছর বয়সী ইতি ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষার্থী। গত রোববার রাতে আফতাবনগরে ছিনতাইকারীর কবলে পড়েন তিনি।

উপকমিশনার আহাদ বলেন, “ইতি প্লাটিনাম জিম থেকে হেঁটে বাসায় ফিরছিলেন। রাত সোয়া ১১টার দিকে আফতাবনগর 'সি' ব্লকের ইম্পেরিয়াল কলেজের সামনে দুই ছিনতাইকারী তার গতিরোধ করে চাপাতি দিয়ে কুপিয়ে আহত করে মোবাইল নিয়ে পালিয়ে যায়।“

ইতির দুই হাতে ও ডান বাহুতে কোপ লেগেছিল। তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসা শেষে পরদিন সকালে বাসায় ফেরেন ইতি।

পরে ওই ঘটনায় ইতির ভাই মোহাম্মদ আল আমিন বাড্ডা থানায় মামলা করেন। 

ছিনতাইয়ের ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তা পুলিশ খতিয়ে দেখছে বলে জানান উপকমিশনার আহাদ।