২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় বাংলাদেশ-চীনের শিল্পীদের রঙিন সন্ধ্যা

বাংলাদেশ-চীন কালচার অ্যান্ড আর্ট নাইট এর অনুষ্ঠান উপলক্ষে মঞ্চে উঠেছিলেন দুই দেশের শিল্পীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2023, 01:05 AM

Updated : 05 Mar 2023, 01:28 AM

ঢাকার জাতীয় নাট্যশালা রাঙালেন চীনের শিল্পীরা; সঙ্গে বাংলাদেশের শিল্পীদের পরিবেশনাও অনুষ্ঠানকে করে তুলেছিল মনোজ্ঞ।

শনিবার সন্ধ্যায় বাংলাদেশ-চীন কালচার অ্যান্ড আর্ট নাইট এর অনুষ্ঠান উপলক্ষে মঞ্চে উঠেছিলেন দুই দেশের শিল্পীরা।

এর আয়োজনে ছিল ঢাকায় চীন দূতাবাস এবং পৃষ্ঠপোষকতা করে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

এতে চীনের কুমিং ন্যাশনাল ‍সঙ অ্যান্ড ডান্স থিয়েটার এবং বাংলাদেশ শিল্পকলা একাডমির শিল্পীরা বিভিন্ন পরিবেশনা নিয়ে অংশ নেন।

চীনের সফররত ২৬ শিল্পীর অংশগ্রহণে পরিবেশিত হয় নৃত্য ও সঙ্গীত অনুষ্ঠান। শুরুতেই চীনের শিল্পী ইয়াংঝো ‘ব্লেজিং বা আশীর্বাদ’ শিরোনামে নৃত্য পরিবেশন করেন। পরে ‘সং অব হর্স হার্ডিং বা অশ্ব পালনের গান’ শিরোনামে সংগীত পরিবেশন করে বিলুডা।

এরপর বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিবেশনায় ‘রোহিঙ্গানামা’, দলীয় নৃত্য এবং বিশেষ অ্যাক্রোবেটিক শো পরিবেশিত হয়। মেহরাজ হক তুষারের নৃত্য পরিচালনায় পরিবেশিত হয় ‘আমার পরিচয়’।

পরে দলীয় নৃত্য ‘রেড ফিশ’ নিয়ে মঞ্চে আসে চীনের শিল্পীরা। এরপরই চীনের শিল্পী জু ঝোওটিং এর পরিবেশনায় নৃত্য ‘হর্স রেইসিং বা ঘোড়দৌড়’ মঞ্চস্থ হয়।

এ আয়োজনে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, সিনিয়র কর্নেল অব ডিফেন্স এটাচ ডিউ জিনশেং, কমার্শিয়াল কাউন্সেলর সং ইয়াং, পলিটিক্যাল কাউন্সিলর ওয়াং ঝিহং এবং কালচারাল কাউন্সিলর ইয়ু লিওয়েন, সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব আবুল মনসুর, শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী উপস্থিত ছিলেন।