২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

থানায় ছাত্রলীগ নেতাদের মারধর: আরও ৭ দিন চেয়ে ৩ দিন পেল তদন্ত কমিটি

ছাত্রলীগের দাবির প্রেক্ষাপটে এডিসি হারুনকে সাময়িক বরখাস্ত করে পাঠানো হয়েছে রংপুরে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2024, 02:33 AM

Updated : 24 Jan 2024, 02:33 AM

ঢাকার শাহবাগে থানায় নিয়ে ছাত্রলীগের নেতাদের মারধরের ঘটনা তদন্তে গঠিত কমিটিকে আরও তিন কার্যদিবস সময় দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার। পাঁচ দিন সময় বাড়িয়ে নেওয়ার পর কমিটি আরও সাত দিন সময় চেয়েছিল। তবে প্রত্যাশার চেয়ে চার দিন সময় কম পেয়েছে তারা।

গত ৯ সেপ্টেম্বর বারডেম লাগোয়া ইব্রাহিম কার্ডিয়াক সেন্টারে এক ঘটনার জের ধরে রমনা বিভাগের পুলিশের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) হারুন-অর-রশীদ ছাত্রলীগের দুই নেতাকে শাহবাগ থানায় নিয়ে নির্যাতন করেন বলে অভিযোগ উঠেছে। এরপর ছাত্রলীগের দাবির প্রেক্ষাপটে এডিসি হারুনকে সাময়িক বরখাস্ত করে পাঠানো হয় রংপুরে।

ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করে দেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। কমিটিকে দুদিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হলেও তারা প্রথমে পাঁচ দিনের বাড়তি সময় নেয়। এখন আরও তিন দিন সময় পেল।

এদিকে তদন্ত কমিটিকে ইব্রাহিম কার্ডিয়াকের ঘটনাটিও বিবেচনায় নেওয়ার আহ্বান এসেছে খোদ পুলিশের মধ্য থেকে। সেদিন এডিসি হারুনের সঙ্গে আরেক নারী এডিসি ছিলেন ইব্রাহিম কার্ডিয়াকে। সেখানে উপস্থিত ছিলেন নারী এডিসির স্বামী আজিজুল হক মামুনও, যিনি রাষ্ট্রপতির এপিএসের দায়িত্বে রয়েছেন।

অভিযোগ উঠেছে, হাসপাতালে ছাত্রলীগ নেতাদের নিয়ে গিয়ে স্ত্রী ও এডিসি হারুনের উপর চড়াও হয়েছিলেন মামুন। তার স্ত্রীও পুরো ঘটনার জন্য স্বামীকে দায়ী করে বলেছেন, এডিসি হারুন নির্দোষ।

এর আগে ডিএমপির উপকমিশনার মো. ফারুক হোসেন বলেছিলেন, “পূর্ণাঙ্গ তদন্তের স্বার্থে এবং এ ঘটনায় কারা কারা জড়িত, এডিসি হারুন ছাড়াও পুলিশের যেসব সদস্য থানায় ছিলেন, তাদের কী ভূমিকা ছিল বা ঘটনা যেখান থেকে শুরু, বারডেম হাসপাতাল- সেখানে কারা কারা ছিলেন, সব বিষয়ই পূর্ণাঙ্গভাবে তদন্তে আসার জন্য একটু সময়ের প্রয়োজন।”

(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ১৯ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)