২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জলবায়ু পরিবর্তন: উন্নত দেশের থেকে প্রতিবছর শত বিলিয়ন ডলার চান পরিবেশমন্ত্রী

সেনেগালের রাজধানী ডাকারে এলডিসি মন্ত্রী পর্যায়ের বৈঠকে তিনি এ আহ্বান জানান।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2022, 06:47 PM

Updated : 15 Sep 2022, 06:47 PM

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় উন্নত দেশগুলোকে প্রতি বছর ১০০ বিলিয়ন ডলার দেওয়ার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন।

বুধবার সেনেগালের রাজধানী ডাকারে অনুষ্ঠিত এলডিসি মন্ত্রী পর্যায়ের বৈঠকে তিনি এসব কথা বলেন।

বৈঠকে সেনেগালসহ এলডিসি দেশগুলোর মন্ত্রী ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন বলে মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

শাহাব উদ্দিন বলেন, উন্নত দেশগুলোকে অবশ্যই প্রতি বছর ১০০ বিলিয়ন মার্কিন ডলার প্রদান করতে হবে যাতে জলবায়ু প্রশমন ও অভিযোজনের মধ্যে ৫০ অনুপাত ৫০ ভারসাম্য থাকে।

“অভিযোজন অর্থের পরিমাণ দ্বিগুণ করা হলে দুর্বল দেশগুলো অভিযোজন চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে।“

তিনি বলেন, ক্রমবর্ধমান অভিযোজন চাহিদা সমাধানের পাশাপাশি ক্রমবর্ধমান বৈশ্বিক নির্গমণ কমানোর তাগিদ দিয়ে যেতে হবে। জলবায়ু পরিবর্তন বন্ধ না হলে ক্ষয়-ক্ষতির মাত্রা বাড়তে থাকবে।

“আমাদের জরুরিভাবে প্রশমনের উচ্চাকাঙ্ক্ষা এবং বাস্তবায়নের মাত্রা বাড়াতে হবে। এটা ছাড়া আমরা কখনই ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার লক্ষ্য অর্জন করতে পারব না।“

এ লক্ষ্য অজর্নে ২০৩০ সালের মধ্যে বিশ্বব্যাপী নির্গমণ ২০১০ সালের তুলনায় ৪৫ শতাংশ কমাতে হবে।

মন্ত্রী বলেন, উন্নত দেশগুলোকে অবশ্যই বিশ্বব্যাপী জলবায়ুর ক্ষতিকর প্রভাব প্রশমন প্রচেষ্টায় নেতৃত্ব দিতে হবে এবং উন্নত দেশগুলো বিশেষ করে জি ২০ দেশগুলোকেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।