প্রধানমন্ত্রীর পরিবেশ বিষয়ক বিশেষ দূত হলেন সাবের হোসেন
অবৈতনিক দায়িত্ব হিসেবে তিনি বেতন-ভাতা পাবেন না বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।
প্রধানমন্ত্রীর পরিবেশ ও জলবায়ু বিষয়ক বিশেষ দূত হিসেবে নিয়োগ পেয়েছেন সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী; যিনি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতির দায়িত্বেও রয়েছেন।
সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ তাকে ওই পদে (স্পেশাল এনভয় টু দ্য অনারেবল প্রাইম মিনিস্টার ফর ক্লাইমেট চেইঞ্জ) নিয়োগের প্রজ্ঞাপন জারি করে।
অবৈতনিক দায়িত্ব হিসেবে সাবের হোসেন কোনো বেতন-ভাতা পাবেন না বলে এতে উল্লেখ করা হয়।
সংসদ সদস্য সাবের হোসেন এর আগে আওয়ামী লীগের ১৯৯৬ থেকে ২০০১ মেয়াদকালে নৌপরিবহন এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপমন্ত্রীর দায়িত্বে ছিলেন।
ওই সময়কালে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ছিলেন। এর আগে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বেও ছিলেন তিনি।
ব্যবসায়ী থেকে রাজনীতিতে নাম লেখানো সাবের হোসেন ২০১৪ সালের ১৬ অক্টোবর ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ২৮তম প্রেসিডেন্ট নির্বাচিত হন।
