দিনের আলোর সুবিধা নিতেই কর্মঘণ্টা বদল: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
প্রতিমন্ত্রীর ভাষ্য, প্রথম দিনের পরিস্থিতি ছিল ‘সহনীয়’, সবাই ‘স্বতঃস্ফূর্তভাবে সঠিক সময়ে’ অফিসে এসেছেন।
এখন রাতের তুলনায় দিনের দৈর্ঘ্য বড়, আর এই ‘বড়’ দিনের আলোর সুবিধা নিতেই সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসের কর্মঘণ্টা কমিয়ে সময়সূচি এগিয়ে আনা হয়েছে বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. ফরহাদ হোসেন।
এতদিন সরকারি অফিস শুরু হত সকাল ৯টায়। নতুন নিয়মে বুধবার সকাল ৮টা থেকে অফিস শুরু হয়েছে, যা চলেছে বিকাল ৩টা পর্যন্ত।
প্রথম দিনের অভিজ্ঞতা নিয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, “স্বতঃস্ফূর্তভাবে সবাই সঠিক সময়ে অফিসে এসেছেন। স্বতস্ফূর্তভাবে কাজ করতে পারছি। অফিসসূচি মেনে সকলেই সহযোগিতা করছেন।“
বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সদস্যদের গ্রুপ বীমা চুক্তি অনুষ্ঠানে এসে এসব কথা বলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী।
ফরহাদ বলেন, “এখন দিন বড়। দিনের আলোকে যাতে বেশি ব্যবহার করতে পারি। তাতে বিদ্যুৎ আরও বেশি সাশ্রয় হবে।অফিস সময় কিছুদিন পরে আমরা অ্যাডজাস্ট করতে পারব।“
আগে সরকারি অফিস সকাল ৯টা থেকে বিকেল ৫টা এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কাজ চলত।
নতুন নিয়মে সব সরকারি অফিস সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে। ব্যাংক চলবে সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত, এর মধ্যে ৩টা পর্যন্ত লেনদেন করা যাবে।
প্রথম দিন অফিস ধরতে মানুষ আগেভাগে রাস্তায় নামায় যানজট লেগে যায় অন্য দিনের তুলানায় আগেই। এছাড়া সড়কে গণপরিবহন কম থাকায় অফিসগামী মানুষের ভোগান্তি হয়।
তবে প্রথম দিনের পরিস্থিতিকে ‘সহনীয়’ হিসেবে বর্ণনা করে প্রতিমন্ত্রী বলেন, সরকারের এ সিদ্ধান্ত ‘সঠিক’।
কতদিন এভাবে চলবে জানতে চাইলে তিনি বলেন, “পরবর্তী প্রজ্ঞাপন না দেওয়া পর্যন্ত চলবে। এটা স্থায়ী সিদ্ধান্ত হিসেবে গ্রহণ করা হয়নি। “
বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে নেওয়া এই সিদ্ধান্তে পৌঁছাতে নানা ধরনের প্রশ্ন এসেছে বলে জানান প্রতিমন্ত্রী।
তিনি বলেন, “সকাল ৭টা এবং ৮টায় যেহেতু স্কুল শুরু হয়, এটা চিন্তা করেছিলাম আমরা। চিন্তায় ট্রাফিক জ্যামও ছিল।
জীবনযাত্রায় বদল এনে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে ফরহাদ বলেন, “এটা বৈশ্বিক সমস্যা। কিছুটা লাইফস্টাইলের পরিবর্তন করে যদি বিদ্যুৎ সাশ্রয় করতে পারি। প্রতিটি দেশই চিন্তা করছে কীভাবে জ্বালানি সাশ্রয় করা যায়।“
সরকারের উদ্যোগ ‘কার্যকর’হচ্ছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, “সময় পরিবর্তন করে এক ঘণ্টা অফিস সময় কমিয়েছি। এক ঘণ্টা আগেও যদি অফিসগুলো বন্ধ করতে পারি, তাহলে বিদ্যুৎ সাশ্রয় করতে পারব।“
অফিসের নতুন কর্মঘণ্টার সঙ্গে সবাই নিজেকে ‘মানিয়ে’ নিয়েছেন দাবি করে তিনি বলেন, “সময়সূচিটা যথেষ্ট ভালো হয়েছে। সকলের উপস্থিতিও আমরা লক্ষ্য করছি। এক ঘণ্টা অফিস কমিয়েছি। ব্যাংক-বীমা-আর্থিক প্রতিষ্ঠানে… সকলেই গ্রহণ করেছে এবং সাড়া দিয়েছে।“
বিএসআরএফ সভাপতি তপন বিশ্বাস, সাধারণ সম্পাদক মাসউদুল হকসহ সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:
