বিচারকের সই জাল করার অভিযোগ পুলিশের বিরুদ্ধে
মামলাটি তদন্ত করে আগামী ২৬ অক্টোবর প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছে আদালত।
জব্দ করা মোটরযান বিচারকের সই জাল করে মিথ্যা সনদ দিয়ে ফেরত দেওয়ার অভিযোগ উঠেছে এক এসআইসহ দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে। ঢাকার আদালতের মোটরযান শাখার ইনচার্জ এসআই ফুয়াদ উদ্দিন এবং কনস্টেবল আবু মুছার বিরুদ্ধে এই অভিযোগে কোতোয়ালি থানায় সোমবার মামলা করেছেন ঢাকার মহানগর হাকিম আদালত-১০ এর বেঞ্চ সহকারী ইমরান হোসেন।
মঙ্গলবার মামলার এজাহার এলে তা গ্রহণ করেন ঢাকার মহানগর হাকিম বেগম ফারাহা দিবা ছন্দা। তিনি কোতোয়ালি থানার এসআই সাইফুল ইসলামকে মামলাটি তদন্ত আগামী ২৬ অক্টোবর প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন।
মামলার অভিযোগে বলা হয়, ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ শেখ সাদী ১০ নম্বর আদালতের পাশাপাশি মোটরযান সম্পর্কিত মামলা পরিচালনার দায়িত্বপ্রাপ্ত। গত ২৪ সেপ্টেম্বর এসআই ফুয়াদ উদ্দিন অন্যান্য নথির সঙ্গে দুটি মামলা বিচারকের কাছে উপস্থাপন করেন। কিন্তু আসামি না থাকায় বিচারক কোনো পদক্ষেপ নিতে পারেননি। পরে বিচারক জানতে পারেন, মামলা দুটির জব্দকৃত আলামত মোটরযান শাখার ইনচার্জ ফুয়াদ ও কনস্টেবল মুছা তাদের অন্যান্য সহযোগীদের যোগসাজসে বিচারকের স্বাক্ষর জাল করে পরোয়ানা ফেরত কাগজে ম্যাজিস্ট্রেটের
স্বাক্ষরের জায়গায় নিজেরা স্বাক্ষর দিয়ে তা আসামিদের দিয়ে দেয়।
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২৬ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)
