২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অপ্রাপ্তবয়স্ক অবস্থায় ধর্ষণের আসামি রায়ের সময় পরিণত, শাস্তি ৫ বছরের আটকাদেশ

রায়ের পর্যবেক্ষণে বিচারক বলেন, “মামলার ঘটনা ভয়াবহ ও লজ্জাজনক।”

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2022, 08:15 PM

Updated : 31 Aug 2022, 08:15 PM

ধর্ষণের পর শিশু বয়স পেরিয়ে গেছে আইনের আওতায় আসা তরুণ। মামলার সাড়ে চার বছর পর দেওয়া রায়ে তাকে পাঁচ বছরের আটকাদেশের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা করেছে আদালত।

বুধবার ঢাকার তিন নম্বর শিশু আদালতের বিচারক এ এম জুলফিকার হায়াত ২০১৩ সালের শিশু আইন অনুযায়ী এই রায় দেন।

রায়ের পর্যবেক্ষণে বিচারক বলেন, “মামলার ঘটনা ভয়াবহ ও লজ্জাজনক।”

আদালতের কর্মচারী কাওসার আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জরিমানা আদায় না হলে ওই তরুণকে আরও তিন মাস আটক থাকতে হবে বলে রায়ে বলা হয়েছে।

২০১৮ সালের ৬ ফেব্রুয়ারি খিলগাঁও থানায় এক কিশোরীর বাবা নারী ও শিশু নির্য্তন দমন আেইনের ৯(১) ধারায় ধর্ষণের অভিযোগে এই মামলাটি করেন।

সে বছর ৩১ জানুয়ারি ধর্ষণের ওই ঘটনায় চিকিৎসা প্রতিবেদন অনুযায়ী মেয়েটির বয়স ছিল ১৪ বছর। মামলার নথি অনুযায়ী একই সময় ছেলেটির বয়স ছিল ১৭ বছর।

রায়ের বিবরণে মেয়েটির জবানবন্দির উল্লেখ করে বলা হয়, ছেলেটি একটি সরকারি কোয়ার্টারের চার তলায় থাকত। একই ভবনের বাসিন্দা ওই কিশোরীকে সে প্রেমের প্রস্তাব দিয়ে বিয়ের করবে বলেছিল।

কিন্তু তাতে মেয়েটি রাজি হয়নি। এরপর থেকে ছেলেটি বার বার ফোন করত। ঘটনার দিন মেয়েটিকে ফোন করে জরুরি কথা আছে বলে ছাদে নিয়ে যায়।

পরে সেখান থেকে জোর করে বাসায় নিয়ে ওই কিশোরীকে ধর্ষণ করে। এরপর তাকে রুম থেকে বের করে দেয় ছেলেটি। সেখান থেকে মেয়েটি ছাদে চলে যায়। পরে মেয়েটির ভাই তাকে ছাদে খুঁজে পায়।

রায়ের পর্যবেক্ষণে বিচারক বলেন, “নারীর প্রতি সহিংসতা আমাদের সমাজে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে এবং তা রোধকল্পে আইন প্রণেতাগণ ভয়াবহ সাজার মানদণ্ড নির্ধারণ করেছেন।”

শিশু আইন ২০১৩ এর ৩৪ ধারা অনুযায়ী কোনো শিশু মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড পাওয়ার মতো অপরাধে দোষী প্রমাণিত হলে সর্বোচ্চ ১০ বছর এবং সর্বনিম্ন তিন বছর আটকাদেশ দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে।

৩১(১) ধারা অনুযায়ী আইনের আওতায় আসা শিশু আদালতে হাজির হওয়ার ২১ দিনের মধ্যে সামাজিক অনুসন্ধান প্রতিবেদন দেওয়ার নির্দেশনা থাকলেও প্রবেশন কর্মকর্তা তা দেননি বলে উল্লেখ করেন বিচারক।

মামলার নথি অনুযায়ী, ঘটনার সময় ছেলেটি উচ্চ মাধ্যমিক পর্যায়ে ছিল। এখন স্নাতক পড়ছে। রায়ে বলা হয়, “তার বয়স, শিক্ষাগত অবস্থা এবং মামলাটি বিরলতর বিরল মামলার পর্যায়ভুক্ত না হওয়ার কারণে সর্বোচ্চ শাস্তি দেওয়া সমীচিন হবে না।” আটকাদেশ থেকে ওই ছেলেটির আগের আটককালীন সময় বাদ যাবে বলে রায়ে জানানো হয়। এছাড়া শিশু আইনের ৪৩ ধারা অনুযায়ী সরকারি বা বেসরকারি চাকরি পাওয়া অথবা কোনো আইনের অধীনে কোনো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রে অযোগ্য বলেও বিবেচিত হবে না।