মারুফ মল্লিক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বন্যা, খরা, অতিবৃষ্টি, ভূমিধস, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদী ভাঙন- সব ধরনের প্রাকৃতিক দুর্যোগই ২০০৭ সালে বাংলাদেশে আঘাত হেনেছে। বছর জুড়েই ছিল দুর্যোগের ঘনঘটা। মারুফ মল্লিক লিখছেন বিস্তারিত।
২০০৭ সালের শুরুতেই জানুয়ারি মাসে খরার কবলে পড়ে দেশ। এ কারণে উত্তর পূর্বাঞ্চলসহ দেশের বেশ কয়েকটি এলাকায় ধানের চিটা দেখা দেয়। জুলাই মাসে দেশে প্রথম দফা বন্যা হয়। সেপ্টেম্বরে আবারও শুরু হয় অস্বাভাবিক বন্যা। এ সময় বিস্তীর্ণ এলাকায় নদী ভাঙনও দেখা দেয়। দু' দফা বন্যায় নষ্ট হয়েছে প্রায় ১৪ লাখ টন খাদ্যশস্য। খাদ্য ঘাটতি দেখা দিয়েছে ১৯ লাখ টন।
জুন মাসে অতিবৃষ্টির কারণে চট্টগ্রাম শহর ও আশপাশের এলকায় পাহাড় ধসে পড়ে। ওই সময় পাহাড় ধস ও দেয়ালচাপা পড়ে ১২৭ জনের মৃত্যুর কথা স্বীকার করে সরকার।
সর্বশেষ ১৫ নভেম্বর প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডরের আঘাতে বিধ্বস্ত হয় দেশের দক্ষিণ উপকূল। এতে তিন হাজরের বেশি মানুষ মারা যায়। ক্ষতিগ্রস্ত হয় ৩২টি জেলার ২০ লাখ মানুষ।
বছর ধরেই সাগর ছিল অশান্ত। সাগরে ১১টি নিম্নচাপ সৃষ্টি হয়েছে। সতর্ক সংকেত দেখাতে হয়েছে একাধিকবার। জেলেদেরও বার বার সাগর থেকে ফিরে আসতে হয়েছে নিরাপদ অঅশ্রয়ে।
বিশেজ্ঞদের মতে, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে বদলে যাচ্ছে আবহাওয়ার দীর্ঘদিনের চালচিত্র। ঘনঘন দেখা দিচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। শীত ঋতুর দৈর্ঘ্য কমার পাশাপাশি বেড়েছে সাগরের পানির উষ্ণতা। উত্তাল থাকছে সাগরও।
আইইউসিএন এর আবাসিক পরিচালক ড. আইনুন নিশাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "২০০৭ সালে বিশ্বজুড়েই প্রাকৃতিক দুর্যোগের ঘনঘটা ছিল। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি সংক্রান্ত আইপিসিসি যে ৪র্থ প্রতিবেদন অনুমোদন করেছে, তাতে বলা হয়েছে- বিশ্বে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ ঘন ঘন আসবে। এগুলোর তীব্রতাও বেশি হবে। বাংলাদেশের যে সমস্ত দুর্যোগ হচ্ছে তা এ প্রতিবেদনের বক্তব্যকেই সমর্থন করে।"
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এ কিউ এম মাহবুব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জলবায়ু পরিবর্তনের কারণে যেসব প্রাকৃতিক দুর্যোগ হতে পারে তার প্রায় সবগুলোই বাংলাদেশে দেখা গেছে। এ বছরটিতে দুর্যোগের পরিমাণ ছিল অনেক বেশি।"
বাংলাদেশ কোস্ট ট্রাস্টের এক হিসাবে বলা হয়েছে, সমুদ্রপৃষ্ঠের এক মিটার উচ্চতা বৃদ্ধিতে বাংলাদেশের ১৫ থেকে ১৭ শতাংশ এলাকা তলিয়ে যেতে পারে। এতে উদ্বাস্তু হবে দু'কোটি মানুষ।
সেন্টার ফর গ্লোবাল চেঞ্জের নির্বাহী পরিচালক ড. আহসান উদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জলবায়ু পরিবর্তনের সুস্পষ্ট প্রমাণ আমাদের কাছে আছে। ৫০ বছরের তাপমাত্রা ও বৃষ্টিপাতের উপাত্ত ঘেটে দেখা গেছে, শীতের রাতের তাপমাত্রা বেড়েছে এবং শীতকাল সংকোচিত হচ্ছে। সেপ্টেম্বর -অক্টোবরে বেড়েছে বৃষ্টিপাতের পরিমাণ।"
তিনি জানান, গত চার দশকে সমুদ্র উপরিতলের তাপমাত্রা দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেছে। এটা প্রায় অস্বাভাবিক। সমুদ্রের পানির তাপমাত্রা এত দ্রুত বাড়ে না।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এসএনডি/এমএ/১৭৪৫ঘ.
bdnews24