রোহিঙ্গাদের আর কতদিন আতিথ্য দিতে পারি: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী বলেন, “মিয়ানমারের উচিত আন্তর্জাতিক সংস্থাগুলোকে রাখাইন রাজ্যে কাজ করার অনুমতি দেওয়া।”
রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের কোনো সাড়া না পাওয়ায় আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে প্রশ্ন রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আর কতদিন তাদের আতিথেয়তা দেওয়া যায়?
জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত নলিন হাইজার বৃহস্পতিবার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতে গেলে তিনি এমন প্রশ্ন রাখেন।
রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পরিবেশ তৈরি করার আহ্বান জানিয়ে এসময় প্রধানমন্ত্রী বলেন, “মিয়ানমারের উচিত আন্তর্জাতিক সংস্থাগুলোকে রাখাইন রাজ্যে কাজ করার অনুমতি দেওয়া।”
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের কাছে তাদের আলোচনার বিস্তারিত জানান।
প্রধানমন্ত্রীর বক্তব্যের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, “আমরা মিয়ানমারকে এই বিষয়ে আহ্বান জানিয়েছি এবং এ নিয়ে আলোচনাও করেছি। কিন্তু, এখনও কোনো সাড়া আসেনি।
“আমরা এর সমাধান চাই। আমরা কতদিন এই বিপুল সংখ্যক লোককে আতিথ্য দিতে পারি?’
রোহিঙ্গাদের মধ্যে কেউ কেউ এরই মধ্যে সামাজিক অপরাধমূলক কাজ-মানব পাচার এবং মাদকের অপব্যবহারে জড়িত হয়ে পড়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “তারা এই অঞ্চলের পরিবেশও ধ্বংস করছে।”
এই প্রসঙ্গে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির কথা স্মরণ করে শেখ হাসিনা বলেন, ১৯৯৭ সালে চুক্তি স্বাক্ষরের পর ভারত থেকে প্রায় ৬২ হাজার শরণার্থী দেশে ফিরে আসেন।
এসময় জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে তাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে সরাসরি কথা বলার অভিজ্ঞতা তুলে ধরেন।
রোহিঙ্গা ক্যাম্পে জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও এনজিওগুলোর কাজের উল্লেখ করে তিনি বলেন, “এখন তাদের মিয়ানমারের নিজ বাসভূমিতে মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের জন্য একটি উপযুক্ত পরিবেশ তৈরি করা অপরিহার্য।”
শরণার্থী হিসেবে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর ব্যবস্থাপনা নিয়ে বাংলাদেশের প্রশংসা করে নলিন হাইজার বলেন, “বাংলাদেশের রোহিঙ্গা ইস্যু মোকাবেলায় অনেক সমর্থন প্রয়োজন।”
এসময় মিয়ানমার সফরের উল্লেখ করে দেশটির সেনাশাসিত সরকারকে রোহিঙ্গা সংকটের সমাধান ‘খুঁজতে বলেছেন’ বলে জানান জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত।
তিনি রোহিঙ্গা সংকটের সমাধান খুঁজে বের করতে আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে বিষয়টি আলোচ্য সূচিতে রাখার পাশাপাশি সংকট সমাধানে আসিয়ান-বাংলাদেশ উদ্যোগের ওপর গুরুত্ব দেন।
অ্যাম্বাসেডর অ্যাট লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বৈঠকে উপস্থিত ছিলেন।
