Published : 09 Aug 2023, 04:01 PM
অবৈধ সম্পদ ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় আলোচিত ঠিকাদার জিকে শামীম ও তার মা আয়েশা আক্তারের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পিছিয়েছে। আগামী ১২ সেপ্টেম্বর নতুন তারিখ দিয়েছে আদালত।
বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক সৈয়দ আরাফাত হোসেনের আদালতে মামলার সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য ছিল।
তবে এদিন কোনো সাক্ষী না আসায় দুদক সাক্ষ্যগ্রহণ পেছানোর জন্য সময়ের আবেদন করলে বিচারক নতুন দিন ধার্য করেন।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী বেলাল হোসাইন জানান, এদিন জিকে শামীম আদালতে হাজির হলেও তার মা পলাতক রয়েছেন।
২৯৭ কোটি ৮ লাখ ৯৯ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২০১৯ সালের ২১ অক্টোবর শামীম ও তার মা আয়েশা আক্তারের বিরুদ্ধে দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১-এ মামলা করেন সংস্থাটির উপ-পরিচালক মো. সালাহউদ্দিন।
২০২১ সালের ১৭ জানুয়ারি মো. সালাহউদ্দিন আদালতে অভিযোগপত্র জমা দেন।
২০২২ সালের ১৮ অক্টোবর আদালত এ মামলায় তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয়।
ঢাকায় জুয়াবিরোধী অভিযানের মধ্যে ২০১৯ সালের ২০ সেপ্টেম্বর জি কে শামীমকে সাত দেহরক্ষীসহ গ্রেপ্তার করে র্যাব।
সেদিন গুলশানের নিকেতনে শামীমের অফিসে কয়েক ঘণ্টার অভিযানে প্রায় দুই কোটি টাকা, পৌনে দুইশ কোটি টাকার এফডিআর, আগ্নেয়াস্ত্র ও মদ পাওয়ার কথা জানানো হয়।
যুবলীগের সমবায় সম্পাদক পরিচয়ে ঠিকাদারি ব্যবসা চালিয়ে আসা শামীমের বিরুদ্ধে সেসময় টেন্ডারবাজি-চাঁদাবাজির অভিযোগ করা হয়।
গত বছরের ২৫ সেপ্টেম্বর অস্ত্র মামলায় ঢাকার এক ট্রাইব্যুনালে জি কে শামীম ও তার ৭ দেহরক্ষীকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।
পুরানো খবর:
আত্মসমর্পণের পর কারাগারে জিকে শামীমের মা