২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনার সফর: দিল্লিতে ডাক না পেয়ে ক্ষোভ মমতার

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ক্ষোভ তার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর।

শেখ হাসিনার সফর: দিল্লিতে ডাক না পেয়ে ক্ষোভ মমতার

মমতা বন্দ্যোপাধ্যায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2022, 07:05 PM

Updated : 08 Sep 2022, 07:05 PM

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় রাজধানী দিল্লিতে আমন্ত্রণ না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বৃহস্পতিবার কলকাতার নেতাজী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত তৃণমূল কংগ্রেসের কর্মিসভায় এনিয়ে তিনি ক্ষোভ ঝেড়েছেন বলে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।

মমতাকে উদ্ধৃত করে আনন্দবাজার লিখেছে, “পররাষ্ট্রনীতি নিয়ে কিছু বলতে চাই না। হাসিনার সঙ্গে আমার সঙ্গে সম্পর্ক খুব ভালো। এই প্রথম দেখলাম বাংলাদেশের প্রধানমন্ত্রী এলেন কিন্তু বাংলা বাদ।”

শেখ হাসিনার সঙ্গে নিজের হৃদ্যতাপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরে নিজ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ইঙ্গিত করে কটাক্ষ করেন মমতা।

তিনি বলেন, “এত রাগটা কিসের? এত গুস্‌সা কিউ? বড়া বড়া বাবু লোগো কো ইতনা গুস্‌সা কিউ হ্যায়!”

চার দিনের সফরে সোমবার ভারত যান শেখ হাসিনা। মঙ্গলবার দুই সরকারপ্রধান শেখ হাসিনা ও নরেন্দ্র মোদীর দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়।

পুরনো খবর:

হাসিনা-মোদী বৈঠক: কার কী চাওয়া, কী প্রাপ্তি

দুই দেশের দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশের বড় প্রত্যাশার বিষয়টি থাকে তিস্তা নদীর পানি বণ্টন চুক্তি নিয়ে। এতে মমতাও জড়িয়ে আছেন। কেননা তার আপত্তির মুখে এক যুগ ধরে ঝুলে আছে এই চুক্তি।

এই সফরেও তিস্তা চুক্তি দ্রুত সময়ের মধ্যে সই করার বিষয়ে তাগিদ দিয়েছেন শেখ হাসিনা। বরাবরের মতো দিল্লিও আশ্বাস দিয়েছে। তবে ভারতের কূটনীতিকরা বরাবরই বলে আসছেন, মমতাকে রাজি না করিয়ে নয়া দিল্লি এই চুক্তি করতে চাইবে না।

নয়া দিল্লির রাষ্ট্রপতি ভবন থেকে ইন্ডিয়া গেট পর্যন্ত ‘কর্তব্য পথ’র উদ্বোধন করে বৃহস্পতিবার সুভাষচন্দ্র বসুর মূর্তির আবরণ উন্মোচন করবেন মোদী। সেই অনুষ্ঠানে আমন্ত্রণের বিষয়ে কথা বলতে গিয়ে শেখ হাসিনার ভারত সফরের সময় আমন্ত্রণ না পাওয়ার প্রসঙ্গ টানেন মমতা।

ইন্ডিয়া গেটের সেই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও ভার্চুয়াল মাধ্যমে থাকার অনুরোধ করা হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। তবে মমতা ওই অনুষ্ঠানে থাকবেন না।