১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আপিলে আটকে গেল জি কে শামীমের জামিন

গত ১৩ ডিসেম্বর হাই কোর্ট জি কে শামীমকে জামিন দিয়েছিল।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2023, 05:17 PM

Updated : 19 Dec 2023, 05:17 PM

অস্ত্র মামলায় যাবজ্জীবন সাজায় দণ্ডিত গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামিমকে হাই কোর্ট যে জামিন দিয়েছিল, তা ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত করেছে আপিল বিভাগের চেম্বার আদালত।

আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম মঙ্গলবার এ আদেশ দেন।

জি কে শামীমের পক্ষে এদিন শুনানি করেন অ্যাডভোকেট ফিদা এম কামাল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি বাপ্পী।

অস্ত্র মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এই আসামিকে গত বুধবার জামিন দিয়েছিল বিচারপতি এস এম আবদুল মোবিন এবং বিচারপতি মাহমুদ হোসেন তালুকদারের হাই কোর্ট বেঞ্চ।

সেই আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করে আপিল বিভাগে। শুনানি শেষে চেম্বার বিচারপতির আদেশে আরও দুই মাসের জন্য জামিন আটকে গেল জি কে শামীমের।

২০২২ সালের ২৫ সেপ্টেম্বর ঢাকা মহানগর বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক শেখ ছামিদুল ইসলাম অস্ত্র মামলায় এসএম গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীম এবং তার সাত দেহরক্ষীর যাবজ্জীবন কারাদণ্ড দেন। 

ক্যাসিনোবিরোধী অভিযানের মধ্যে ২০১৯ সালের ২০ সেপ্টেম্বর গুলশানের নিকেতনে শামীমের ব্যবসা প্রতিষ্ঠানেও অভিযান চালায় র‌্যাব। 

অভিযানে ওই ভবন থেকে নগদ প্রায় দুই কোটি টাকা, পৌনে ২০০ কোটি টাকার এফডিআর, আগ্নেয়াস্ত্র ও মদ পাওয়ার কথা জানানো হয় অভিযান শেষে। 

তখনই শামীম ও তার সাত দেহরক্ষীকে গ্রেপ্তার করা হয়। পরদিন ২১ সেপ্টেম্বর তাদের বিরুদ্ধে গুলশান থানায় তিনটি মামলা করে র‌্যাব। 

এর মধ্যে অস্ত্র ও মুদ্রা পাচার মামলায় সবাইকে আসামি করা হলেও মাদক আইনের মামলায় শুধু শামীমকে আসামি দেখানো হয়। প্রতিটি মামলাতেই তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে আইনশৃঙ্খলা বাহিনী। 

মামলা হওয়ার এক মাসের মাথায় ২০১৯ সালের ২৬ অক্টোবর অস্ত্র আইনের মামলায় শামীম ও তার দেহরক্ষীদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তা র‌্যাব-১ এর এসআই শেখর চন্দ্র মল্লিক। 

মামলার অপর আসামিরা হলেন– জি কে শামীমের দেহরক্ষী দেলোয়ার হোসেন, মুরাদ হোসেন, জাহিদুল ইসলাম, সহিদুল ইসলাম, কামাল হোসেন, সামসাদ হোসেন ও আমিনুল ইসলাম।

আরও পড়ুন

অস্ত্র মামলায় যাবজ্জীবন দণ্ডিত জি কে শামীমকে হাই কোর্টের জামিন

অবৈধ সম্পদ: জিকে শামীম ও তার মায়ের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল  

আমাকে ফাঁসানো হয়েছে: রায়ের পর জিকে শামীম  

১৯ দিন রিমান্ড শেষে জিকে শামীম কারাগারে  

জিকে শামীম এখনও রিমান্ডে, ৭ দেহরক্ষী কারাগারে  

জিকে শামীমের অর্থ পাচার মামালায় সাক্ষ্য দিলেন সারওয়ার  

আত্মসমর্পণের পর কারাগারে জিকে শামীমের মা  

জিকে শামীমের ৪ দেহরক্ষীকে জামিন নয়, রুল দিয়েছে হাই কোর্ট  

মুদ্রা পাচার মামলায় জিকে শামীমের বিচার শুরু  

জিকে শামীমের মুদ্রা পাচার মামলায় অভিযোগ গঠন ২ নভেম্বর