বিচারককে আগে স্বাধীন হতে হবে মননে: বিচারপতি কৃষ্ণা দেবনাথ
৪১ বছরের বিচারিক জীবন শেষে বিদায় নিচ্ছেন বিচারপতি কৃষ্ণা দেবনাথ। ঢাকা জেলার প্রথম নারী জেলা জজও ছিলেন তিনি।
একজন বিচারক নিজেকে স্বাধীন মনে না করলে বিচার বিভাগের স্বাধীনতা ‘সুদূর পরাহত’ বলে মন্তব্য করেছেন সর্বোচ্চ আদালতে দায়িত্ব পালন শেষে বিদায় নেওয়া বিচারপতি কৃষ্ণা দেবনাথ।
বিচারাঙ্গনে ৪১ বছরের পেশাজীবন শেষে বৃহস্পতিবার আপিল বিভাগের এক নম্বর এজলাস কক্ষে আয়োজিত এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে লিখিত বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিচারপতি কৃষ্ণা দেবনাথ বলেন, “আমার এই বিচারিক জীবনে এ বিশ্বাসে আমি উপনীত হয়েছি যে, বিচার বিভাগের স্বাধীনতা কাগজে-কলমে নিরঙ্কুশভাবে বাস্তবায়ন হলেও একজন বিচারক যদি তার মননে, চলনে, বিশ্বাসে নিজেকে স্বাধীন মনে না করে, তবে বিচার বিভাগের স্বাধীনতা সুদূর পরাহত।”
তিনি বলেন, “একজন বিচারক বিচারকাজে সম্পূর্ণ স্বাধীন- এই মূলমন্ত্র ধারণ করেই বিচারকাজ সম্পন্ন করবেন; আর আপনারা, অর্থাৎ বিজ্ঞ আইনজীবীগণ সে কাজে সহযোগিতা করবেন।”
বিদায়ী ভাষণে পেশাগত জীবনে মা-বাবা, আত্মীয়স্বজন, সহকর্মীদের ভূমিকা, সহযোগিতার কথাও স্মরণ করেন সর্বোচ্চ আদালতে দায়িত্ব পালন করা তৃতীয় নারী বিচারক।
সংবিধান অনুযায়ী নির্ধারিত বয়স ৬৭ বছর পূর্ণ হলে বিচারকদের অবসরে যাওয়ার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। কৃষ্ণা দেবনাথ সেই মেয়াদ পূর্ণ করছেন আগামী ৯ অক্টোবর। কিন্তু অবকাশ, সাপ্তাহিক ও সরকারি ছুটি মিলিয়ে সুপ্রিম কোর্টের নিয়মিত বিচারকাজ আগামী দেড়মাস বন্ধ থাকবে।
সর্বোচ্চ আদালত নিয়মিত বিচারকাজে ফিরবে ১৬ অক্টোবর। সে হিসাবে বৃহস্পতিবারই ছিল বিচারপতি কৃষ্ণা দেবনাথের শেষ কর্মদিবস।
এ উপলক্ষে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে বিদায় সংবর্ধনার আয়োজন হয়।
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, আপিল বিভাগের বিচারপতি, অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মো. মোমতাজ উদ্দিন ফকির, সুপ্রিম কোর্টের কর্মকর্তা এবং আইনজীবীরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।
অনুষ্ঠানের শুরুতেই বিদায়ী এ বিচারকের কর্ম জীবনের নানা দিক তুলে ধরা হয়। পরে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মোমতাজ উদ্দিন ফকির।
কৃষ্ণা দেবনাথের জন্ম ১৯৫৫ সালের ১০ অক্টোবর। কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পুড্ডায় তার বাড়ি হলেও বাবা দীনেশ চন্দ্র দেবনাথের কর্মস্থল রাজবাড়ী মুনসেফ কোয়ার্টারে তার জন্ম হয়। তার মা বেনু দেবনাথ। দুই ভাই ও আরও দুই বোনের সঙ্গে রাজবাড়ীতেই কাটে শৈশব।
বাবার চাকরির সুবাদে ১৯৭০ সালে সিলেট গার্লস স্কুল থেকে বিজ্ঞান বিভাগে ম্যাট্রিকুলেশন (মাধ্যমিক) পাস করেন তিনি। উচ্চমাধ্যমিক পর্যায়ে মানবিক বিভাগে ভর্তি হন। রংপুর বেগম রোকেয়া কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করেন। পরে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক ও স্নাতকোত্তর করেন।
শিক্ষা জীবন শেষ করে রাজশাহী জেলা আইন সমিতিতে আইন পেশা শুরু হয় কৃষ্ণা দেবনাথের। ১৯৮১ সালের ৮ ডিসেম্বর জুডিশিয়াল সার্ভিসে মুনসেফ (বর্তমান সহকারী জজ) হিসেবে কাজ শুরু করেন। ওই বছরই তিনি বিয়ে করেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী স্বপন দত্তকে।
১৯৯২ সালে তখনকার বিএনপি সরকারের সময়ে সাবজজ থেকে তার অতিরিক্ত জেলা জজ হিসেবে পদোন্নতি আটকে দেওয়া হয়। পদোন্নতির তালিকার শীর্ষে ছিল তার নাম, তারপরও হয়নি।
এরপর ১৯৯৪ সালে প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদের হস্তক্ষেপে ওই বছরই কৃষ্ণা দেবনাথকে অতিরিক্ত জেলা জজ হিসেবে পদোন্নতি দেওয়া হয়।
১৯৯৮ সালে জেলা জজ হিসেবে পদোন্নতি পান তিনি। বিভিন্ন জেলায় জেলা জজ হিসেবে দায়িত্ব পালনের পর ২০১০ সালের ১০ জানুয়ারি ঢাকার জেলা জজ হিসেবে দায়িত্ব পান কৃষ্ণা দেবনাথ।
তিনিই ছিলেন ঢাকা জেলার প্রথম নারী জেলা জজ। সেখানে দায়িত্ব পালনকালে ২০১০ সালের ১৮ এপ্রিল হাই কোর্ট বিভাগে অতিরিক্ত বিচারক হিসেবে তিনি নিয়োগ পান।
হাই কোর্ট বিভাগের বিচারপতি হিসেবে ২০১২ সালের ১৫ এপ্রিল তার নিয়োগ স্থায়ী হয়। এরপর চলতি বছরের ৯ জানুয়ারি আপিল বিভাগের বিচারপতি হিসেবে শপথ নেন কৃষ্ণা দেবনাথ।
তার আগে আপিল বিভাগে বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করা দুই নারী হলেন বিচারপতি নাজমুন আরা সুলতানা ও বিচারপতি জিনাত আরা।
