মানুষের হাতে দেশের পতাকা দেখেই তাদের সুখ
“এই যে আজকে মানুষ খুশি হইয়া আসতেছে। এই খুশি জানি সবসময় থাকে," বিজয় দিবসে এটুকুই প্রত্যাশা পতাকা বিক্রেতা শাহীন আলমের।
সব প্রস্তুতি শেষ, বিজয় দিবসের ভোরে শুরু হবে জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন পর্ব; দেশের শীর্ষ ব্যক্তিরা আসবেন, আসবে স্কুলপড়ুয়া শিশুরা। সেই অপেক্ষার প্রহরে সাভারের জাতীয় স্মৃতিসৌধের সামনে হাজির হলেন তিন ব্যক্তি, তাদের কাঁধে বাঁশ, তাতে বাঁধা নানা আকারের লাল-সবুজ পতাকা।
বৃহস্পতিবার রাত তখন ২টা বেজে ১০ মিনিট। আলাপ চালাতেই জানা গেল, তিনজনেরই বাড়ি উত্তরের জেলা গাইবান্ধায়। গাজীপুর চৌরাস্তা থেকে সাভারে এসেছেন পতাকা বিক্রি করতে।
অবশ্য পতাকা বিক্রি তাদের কারো মূল পেশা না। একজন মাছ বিক্রেতা, একজন কৃষক, আর অন্যজন রাজমিস্ত্রি।
তিনজনের মধ্যে বয়োজ্যেষ্ঠ লাল মিয়া জানালেন, তিনি ছাড়া বাকি দুজনের কেউ ঢাকায় থাকেন না। প্রতিবছর বিজয় দিবস, স্বাধীনতা দিবস এলে গাইবান্ধা থেকে তারা দুজন আসেন। তিনজন মিলে ফেরি করে বিক্রি করেন জাতীয় পতাকা।
তারিখ বা উপলক্ষ ধরে এভাবে পতাকা বিক্রি করে কখনও কিছু লাভ থাকে, কখনও আর্থিক লাভের চেয়ে শ্রমটাই বেশি যায়। তবে এদের কাছে লাভের চাইতে দেশের পতাকা বিক্রি করতে পারার আনন্দটাই মুখ্য।
লাল মিয়া বলেন, “আমি চৌরাস্তায় মাছ বেচি। কিন্তু ১৬ ডিসেম্বর, ২৬ মার্চ পতাকার বিক্রি ভালো হয়, তাই প্রতিবছর আসি। এই যে আইজকাও আসছি ঠাণ্ডার মধ্যে। খেলার টাইমেও বিক্রি করছি৷ কিন্তু অন্যদেশের চেয়ে নিজের দেশের পতাকা বেচতি বেশি ভাল্লাগে।"
এই দলের আরেক সদস্য স্বপন মিয়া গাইবান্ধায় কৃষিকাজ করেন। তিনি বললেন, "প্রতিবছর দুইটা দিনে স্মৃতিসৌধে আসি। পতাকা বেচা হয় অনেক। সারাবছর আবাদী করি। তবে, নতুন সংসারে এই বাড়তি আয় কাজে লাগে। মানুষ খুব আনন্দ নিয়া পতাকা কেনে, দেশের জন্য অনেক গর্ব হয়।"
নববিবাহিত এই পতাকাবিক্রেতার কাছে দেশের পতাকা বিক্রি করতে পারাটা অনেক ‘মহান কাজ’ বলে মনে হয়।
তাদেরই আরেকজন শাহীন আলমের কাছে প্রশ্ন ছিল দেশকে কোথায় দেখতে চান। তিনি বললেন, "এই যে আজকে মানুষ খুশি হইয়া আসতেছে। এই খুশি জানি সবসময় থাকে। সবাই যেন ভালো থাকবার পারে।"
আলাপ শেষে ব্যাগ থেকে আরও পতাকা বের করে বাঁশের গায়ে সাজাতে লেগে গেলেন তারা। ভোরের আলো ফুটলেই বাড়বে চাপ, মানুষের হাতে হাতে বিজয় নিশান তুলে দিতে হবে যে!
