২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বকশিবাজারে ফুটপাতে পড়েছিল ‘ভবঘুরের’ মরদেহ

পুলিশের ধারণা, ‘নেশাগ্রস্ত অবস্থায়’ দুয়েক দিন আগেই ওই ব্যক্তি মারা গেছেন।

বকশিবাজারে ফুটপাতে পড়েছিল ‘ভবঘুরের’ মরদেহ

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, জরুরি বিভাগ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2022, 02:15 PM

Updated : 09 Sep 2022, 02:15 PM

ঢাকার বকশিবাজারের ফুটপাত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকালে ৯৯৯-এ ফোন পেয়ে তার মরদেহ উদ্ধারের কথা জানান শাহবাগ থানার ওসি মওদুত হাওলাদার।

৫৫ বছর বয়সী মো. আলী নামের ওই ব্যক্তিকে ‘ভবঘুরে’ বলছে পুলিশ।

ওসি বলেন, বকশিবাজার মোড় সংলগ্ন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সীমানা প্রাচীরের বাইরে একজনের মরদেহ পড়েছিল। আশপাশের ভবঘুরে অন্যরা তাকে আলী নামেই ডাকত।

“ভবঘুরেরা এভাবে ফুটপাতে ওপর দিনের পর দিন পড়ে থাকে। কেউ বুঝতে পারে না জীবিত না মৃত; আলীর ক্ষেত্রেও তাই হয়েছে।”

মরদেহে কিছুটা পচন ধরেছে জানিয়ে তিনি বলেন, “ধারণা করা হচ্ছে নেশাগ্রস্ত অবস্থায় দুয়েক দিন আগেই মারা গেছে।”

ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।