০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

জ্বালানির বিকল্প ব্যবস্থা গড়তে তরুণদের আহ্বান রাষ্ট্রপতির

ব্যবসা বাণিজ্য প্রসারে ব্যাংক সুদের হার কমানোরও তাগিদ দিয়েছেন রাষ্ট্রপতি।

জ্বালানির বিকল্প ব্যবস্থা গড়তে তরুণদের আহ্বান রাষ্ট্রপতির

বঙ্গভবনে সোমবার রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদের নেতৃত্বে ২১ সদস্যের প্রতিনিধিদল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 05 Oct 2026, 09:26 PM

Updated : 05 Oct 2026, 09:26 PM

জ্বালানির বিকল্প ব্যবস্থা গড়ে তুলতে তরুণ উদ্যোক্তাতের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেছেন, “চতুর্থ শিল্প বিপ্লব, ডিজিটাল রূপান্তর, কৃত্রিম বুদ্ধিমত্তাসহ উদীয়মান আধুনিক প্রযুক্তির প্রতিযোগিতায় তরুণ উদ্যোক্তাদের বেশি সম্পৃক্ত করা প্রয়োজন।”

ব্যবসা বাণিজ্য প্রসারে ব্যাংক সুদের হার কমানোরও তাগিদ দেন রাষ্ট্রপতি।

সোমবার বঙ্গভবনে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদের নেতৃত্বে ২১ সদস্যের প্রতিনিধিদল সাক্ষাতে গেলে এসব কথা বলেন রাষ্ট্রপতি।

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে স্বল্প সুদে ব্যাংক ঋণের কথা তুলে ধরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “এতে রাজশাহী ও উত্তরাঞ্চলের মতো পিছিয়ে থাকা অঞ্চলে শিল্পায়ন ও নতুন উদ্যোক্তা তৈরি হয়েছিল। নতুন কলকারখানা ও ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছিল। যা ছিল একটি যুগান্তকারী পদক্ষেপ।”

তিনি বলেন, “বিগত সময়ে লুটপাটতন্ত্র প্রতিষ্ঠার কারণে দেশ পিছিয়ে পড়েছিল এবং ব্যবসা-বাণিজ্য স্থবির হয়ে পড়েছিল। শুধু তাই নয় ব্যক্তিগত লোভ ও লোভের কারণে ব্যাংকিং খাত ধ্বংস করে দেওয়া হয়েছিল।”

ডিসিসিআই ‘বাংলাদেশ এএল বিজনেস সামিট’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানিয়েছে। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করে অনুষ্ঠানে উপস্থিত থাকার আশ্বাস দিয়েছে।