২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

মিউনিখ নিরাপত্তা সম্মেলনে বিশ্বনেতাদের অভিনন্দন পেলেন শেখ হাসিনা

এমএসসি ২০২৪-এর প্রথম দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাতটি দ্বিপাক্ষিক বৈঠক এবং একটি প্যানেল আলোচনায় অংশ নেন।

মিউনিখ নিরাপত্তা সম্মেলনে বিশ্বনেতাদের অভিনন্দন পেলেন শেখ হাসিনা

মিউনিখ নিরাপত্তা সম্মেলনে শুক্রবার ‘ফ্রম পকেট টু প্ল্যানেট: স্কেলিং আপ ক্লাইমেট ফাইন্যান্স’ শীর্ষক প্যানেল আলোচনায় অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2024, 09:21 AM

Updated : 17 Feb 2024, 09:21 AM

বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুননির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন মিউনিখ নিরাপত্তা সম্মেলনে (এমএসসি) অংশ নেওয়া বিশ্বনেতারা। 

জার্মানির মিউনিখে ১৬ ফেব্রুয়ারি শুরু হওয়া এই সম্মেলন শেষ হবে ১৮ ফেব্রুয়ারি।

বাসস জানিয়েছে, এমএসসি ২০২৪-এর প্রথম দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাতটি দ্বিপাক্ষিক বৈঠক এবং একটি প্যানেল আলোচনায় অংশ নেন।

প্রধানমন্ত্রীর প্রথমদিনের কর্মব্যস্ততা সম্পর্কে এক ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতি বিশ্ব নেতৃবৃন্দের মধ্যে ব্যাপক আকর্ষণ সৃষ্টি করেছে। তারা তাকে (প্রধানমন্ত্রী হিসেবে পুনঃনির্বাচিত হওয়ায়) অভিনন্দ জানিয়েছেন এবং তিনি (শেখ হাসিনা) এমএসসি-২০২৪-এর মনোযোগের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন।’

ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন এবং কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল রহমান আল-থানির সঙ্গে বৈঠকে শেখ হাসিনা ফিলিস্তিন ও রোহিঙ্গা সমস্যার পাশাপাশি দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়েও আলোচনা করেন।

প্রধানমন্ত্রী বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক (ডিজি) টেড্রস আধানম গেব্রেইসাসের সঙ্গেও বৈঠক করেছেন।

Image

মিউনিখ নিরাপত্তা সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন।

হাছান মাহমুদ জানান, বৈঠকে ডব্লিউএইচওর ডিজি আঞ্চলিক পরিচালক নির্বাচিত হওয়ায় সায়মা ওয়াজেদকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন, সায়মা ওয়াজেদ অত্যন্ত উৎসাহের সঙ্গে কাজ করছেন।

শেখ হাসিনা এমএসসিতে ‘ফ্রম পকেট টু প্ল্যানেট: স্কেলিং আপ ক্লাইমেট ফাইন্যান্স’ শীর্ষক প্যানেল আলোচনায় অংশ নেন।

তিনি মেটা গ্লোবাল অ্যাফেয়ার্সের প্রেসিডেন্ট এবং যুক্তরাজ্যের সাবেক উপ-প্রধানমন্ত্রী স্যার নিক ক্লেগ এবং বিশ্ব ব্যাংকের ডেভেলপমেন্ট পলিসি অ্যান্ড পার্টনারশিপের সিনিয়র ম্যানেজিং ডিরেক্টর অ্যাক্সেল ভ্যান ট্রটসেনবার্গের সঙ্গেও বৈঠক করেন।

pm-world-bank-1702240-01.jpg

Image

মিউনিখ নিরাপত্তা সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বিশ্ব ব্যাংকের ডেভেলপমেন্ট পলিসি অ্যান্ড পার্টনারশিপের সিনিয়র ম্যানেজিং ডিরেক্টর অ্যাক্সেল ভ্যান ট্রটসেনবার্গ।

বিশ্ব ব্যাংক চলমান ৫৬টি প্রকল্পে ১৬ বিলিয়ন ডলার এবং ৫০৯ মিলিয়ন ডলার বাজেট সহায়তার প্রতিশ্রুতি ছাড়াও সম্প্রতি রোহিঙ্গা ও দরিদ্র মানুষের জন্য ৭০০ মিলিয়ন প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ।

তিনি বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্রুত বাজেটে সহায়তা দিতে বিশ্ব ব্যাংকের প্রতি আহ্বান জানিয়েছেন। বাংলাদেশে বিভিন্ন প্রকল্পে অর্থায়নের জন্য বিশ্ব ব্যাংককে ধন্যবাদও জানান প্রধানমন্ত্রী।”

Image

মিউনিখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল রহমান আল-থানি।

এর আগে সকালে উইমেন পলিটিক্যাল লিডারসের (ডব্লিউপিএল) সভাপতি সিলভানা কোচ-মেহরিন বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

বৈঠকে তারা পারস্পরিক ও বৈশ্বিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

এসব বৈঠকে অন্যদের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন উপস্থিত ছিলেন।