নিউ ইয়র্কে তারেক রহমানের সঙ্গে বিভিন্ন দেশের নেতাদের বৈঠক
এসব বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণসহ দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়।
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বিভিন্ন দেশের সরকারপ্রধান ও আন্তর্জাতিক সংস্থার শীর্ষস্থানীয় ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৈঠকে এসব দেশ ও সংস্থার সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণসহ দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ করতে নিউ ইয়র্ক সফরে আছেন তারেক রহমান। অধিবেশনের ফাঁকে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে তিনি বৈঠক করছেন।
বৃহস্পতিবার জাতিসংঘ সদর দপ্তরে তিনি সাক্ষাৎ করেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুলের সঙ্গে। এতে বাণিজ্যসহ দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা আরও জোরদারে দুই নেতার মধ্যে মতবিনিময় হয়।
একই দিন দুপুরে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
জাতিসংঘ সদর দপ্তরের সচিবালয় ভবনে হওয়া এ বৈঠকে বাংলাদেশ ও জাতিসংঘের মধ্যকার সহযোগিতা, বৈশ্বিক ও আঞ্চলিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়।
এদিন সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের বৈঠক হয়। সেখানে দুই নেতার মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ের পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়ার কথা জানায় প্রধানমন্ত্রীর কার্যালয়।
আগের দিন বুধবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেজ প্লেনকোভিচের বৈঠক হয়।
বৈঠকে বাংলাদেশ ও ক্রোয়েশিয়ার মধ্যকার বন্ধুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
বুধবার সন্ধ্যায় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। নিউ ইয়র্কের ম্যানহাটনে ‘হাইয়াট গ্র্যান্ড সেন্ট্রাল নিউ ইয়র্ক’ হোটেলে এ বৈঠক হয়।
সরকারপ্রধানের সঙ্গে আগের দিন মঙ্গলবার বৈঠক হয় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের। বৈঠকে অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের বিদ্যমান সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
একই দিন প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন হাইতির প্রধানমন্ত্রী আলিক্স দিদিয়ে ফিস-আইমে। বৈঠকে বাংলাদেশ ও হাইতির সম্পর্ক, স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় ও সহযোগিতার দিকগুলো নিয়ে আলোচনা হয়েছে।
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে।
মঙ্গলবার এই সাক্ষাতের আগে মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট উজ হুসেইন মোহামেদ লতিফও বাংলাদেশ সরকারপ্রধানের সঙ্গে দেখা করেন।
জাতিসংঘ অধিবেশনের ফাঁকে অন্যান্য দেশ ও সংস্থার শীর্ষস্থানীয় ব্যক্তিদের মধ্যে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর) বারহাম সালিহ ও বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা।
