ঢাকায় দুই বাসের চাপায় একজনের মৃত্যু
যাত্রাবাড়ীতে দুর্ঘটনায় পড়েছিলেন ওই ব্যক্তি, স্বজনরা হাসপাতালে নিলেও বাঁচানো যায়নি।
ঢাকার যাত্রাবাড়ীতে দুই বাসের চাপায় পড়ে আহত এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
নিহত এম এ মতিন সরকার (৪৫) নরসিংদীর পলাশ বিদ্যুৎ কেন্দ্রে পাম্প অপারেটর হিসেবে চাকরি করতেন। পাশাপাশি হোমিও চিকিৎসাও দিতেন তিনি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, বুধবার সন্ধ্যায় মতিন সরকারকে নিয়ে তার স্বজনরা হাসপাতালের জরুরি বিভাগে এলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে বলে জানান বাচ্চু মিয়া।
হাসপাতালে মতিন সরকারকে নিয়ে যান তার প্রতিবেশী হাবিবুর রহমান ও শ্যালক মো. আরাফাত।
আরাফাত বলেন, মতিন সরকার সায়েদাবাদের জনপথ মোড় এলাকায় ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকেন। বুধবার বেলা ১১টার দিকে তিনি বাজার করতে বাসা থেকে বের হন। বাজার শেষে ফেরার পথে দুটি বাসের মাঝে চাপা পড়ে আহত হন।
“সন্ধ্যায় অবস্থার অবনতি হলে তাকে নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে পরীক্ষার পর চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।”
আরাফাত জানান, নিহত মতিন সরকার নরসিংদীর পলাশ বিদ্যুৎ কেন্দ্রের পাম্প অপারেটর হিসাবে কাজ করতেন, পাশাপাশি হোমিওপ্যাথি চিকিৎসক ছিলেন। তার গ্রামের বাড়ি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলায়।
