ঝড়-বন্যায় বিপর্যস্ত লিবিয়ায় ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
ত্রাণ সামগ্রীর মধ্যে বিভিন্ন ধরণের ওষুধ, শুকনো খাবার ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী থাকবে।
ঘূর্ণিঝড় ড্যানিয়েল ও বন্যায় ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত লিবিয়ায় ত্রাণ সামগ্রী পাঠাচ্ছে বাংলাদেশ সরকার।
মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ব দরবারের কাছে লিবিয়ার প্রেসিডেন্টের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এ মানবিক সহায়তা পাঠানো হচ্ছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে ত্রাণসামগ্রী নিয়ে বাংলাদেশের একটি সি-১৩০ পরিবহন বিমান শিগগিরই ঢাকা থেকে যাত্রা করবে।
ত্রাণ সামগ্রীর মধ্যে বিভিন্ন ধরণের ওষুধ, শুকনো খাবার ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী থাকবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
লিবিয়ার তাবরুক এয়ারপোর্টে লিবিয়া সরকারের স্থানীয় সরকার মন্ত্রী এসব ত্রাণ সামগ্রী গ্রহণ করবেন।
গত ৪ সেপ্টেম্বর গ্রিসের উপকূলে ভূমধ্যসাগরে তৈরি হয়েছিল ঝড় ‘ড্যানিয়েল’। সেই ঝড়ের প্রভাবে লিবিয়ায় রেকর্ড বৃষ্টিপাত হয়, তাতে দেখা দেয় বন্যা।
ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে যায় আল-বায়দা, আল-মার্জ, তোবরুক, বাতাহর মত শহর। সবচেয়ে ভয়াবহ অবস্থা হয় দেরনা ও বেনগাজির। বানের পানির তোড়ে দেরনা শহরের তিনটি বাঁধ ভেঙে যায়। প্রবল স্রোত সুনামির মত ভাসিয়ে নিয়ে যায় শহরের এক চতুর্থাংশ।
এই দুর্যোগে পাঁচ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। নিখোঁজ আছেন আরও অন্তত ১০ হাজার মানুষ।
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ১৩ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)
