২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

বিমানবন্দর সড়কে লরির ধাক্কায় নিহত নির্বাচন কর্মকর্তা

আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

বিমানবন্দর সড়কে লরির ধাক্কায় নিহত নির্বাচন কর্মকর্তা

উত্তরার সহকারী থানা নির্বাচন কর্মকর্তা মো. আল-মামুন

ঢাকা মেডিকেল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2023, 01:27 AM

Updated : 21 Dec 2023, 09:08 AM

ঢাকার বিমানবন্দর থানা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে লরির ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক নির্বাচন কর্মকর্তার মৃত্যু হয়েছে। 

বুধবার রাত সাড়ে ৯টার দিকে বাসায় ফেরার পথে মো. আল-মামুন (৪৮) নামের এই থানা নির্বাচন কর্মকর্তার মৃত্যু হয়। তিনি উত্তরার সহকারী থানা নির্বাচন কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

বিমানবন্দর থানার এসআই আমিনুল ইসলাম বলেন, রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে বিমানবন্দর থানা এলাকায় কনটেইনারবাহী একটি লরির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে আহত হন আল মামুন। তাকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

মানিকগঞ্জের সাটুরিয়ার আকাশি গ্রামের প্রয়াত শামসুল হকের ছেলে আল মামুন মোহাম্মদপুর তাজমহল রোডে ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকতেন। এক ছেলে এক মেয়ের বাবা ছিলেন তিনি। 

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল নেওয়া হয়। খবর পেয়ে তার ছেলে রিয়াদ আবির ওই হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে রাত সোয়া ১১টায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মামুনের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। 

নিহতের ছেলে আবির জানান, উত্তরার অফিস থেকে মোটরসাইকেলে বাসায় ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তার বাবা।