২৪ অক্টোবর ২০২৬, ০৯ কার্তিক ১৪৩৩

ডাচ্-বাংলার টাকা লুট: আদালতে ৪ আসামির জবানবন্দি

গ্রেপ্তার আটজনকে পাঁচ দিন করে হেফাজতে পেয়েছিল পুলিশ।

ডাচ্-বাংলার টাকা লুট: আদালতে ৪ আসামির জবানবন্দি

রিমান্ডে যাওয়া আট আসামি।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2023, 11:36 PM

Updated : 17 Mar 2023, 03:50 PM

ঢাকার উত্তরায় ডাচ্-বাংলা ব্যাংকের সোয়া ১১ কোটি টাকা ছিনতাইয়ের মামলায় চার আসামি আদালতে ‘স্বীকারোক্তিমূলক’ জবানবন্দি দিয়েছেন।

পাঁচ দিনের রিমান্ডে থাকা আসামিদের মধ্যে বৃহস্পতিবার আকাশ, সাগর মাতুব্বর, মিজানুর রহমান ও সোনা মিয়াকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আজাদ রহমান জানান, এসময় তারা ছিনতাইয়ের দায় স্বীকার করে জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। 

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম শহিদুল ইসলাম আসামি মিজানুর রহমান ও সোনা মিয়া এবং ঢাকা মহানগর হাকিম হুদা চৌধুরী আসামি আকাশ ও সাগর মাতুব্বরের জবানবন্দি রেকর্ড করেন।

জবানবন্দি গ্রহণ শেষে তাদের কারাগারে পাঠানো হয়।

গত রোববার এ চারজনসহ আটজনকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করে আদালত।

গত ৯ মার্চ ডাচ্-বাংলা ব্যাংকের এটিএম বুথে টাকা পৌঁছে দিতে যাওয়ার সময় তুরাগ এলাকায় বেসরকারি নিরাপত্তা সংস্থা মানি প্ল্যান্ট লিংক প্রাইভেট লিমিটেডের একটি মাইক্রোবাস আটকে চার ট্রাঙ্ক টাকা নিয়ে যায় একদল ডাকাত।

ওই ট্রাঙ্কগুলোতে ব্যাংকের ১১ কোটি ২৫ লাখ টাকা ছিল বলে মানি প্ল্যান্টের তরফ থেকে সেদিন জানানো হয়। সেদিন দুপুর থেকে বিকালে খিলক্ষেত এলাকায় অভিযান চালিয়ে তিনটি ট্রাঙ্ক উদ্ধার করা হয়, সেখানে ৩ কোটি ৮৯ লাখ ৫০ হাজার টাকা ছিল।

এরপর ১১ মার্চ রাতে আরও ২ কোটি ৫৪ লাখ টাকা উদ্ধার করার পাশাপাশি ৮ জনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

গত সোমবার ও মঙ্গলবার দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও ৩ জনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ, উদ্ধার করা হয় আরও ৫৮ লাখ ৭ হাজার টাকা। সবমিলিয়ে এ পর্যন্ত মোট ৭ কোটি ১ লাখ ৫৬ হাজার ৫০০ টাকা উদ্ধার করা গেছে।

এ ছিনতাইয়ের ঘটনার দিন রাতে মানি প্ল্যান্ট লিঙ্ক প্রাইভেট লিমিটেডের পরিচালক আলমগীর হোসেন বাদী হয়ে তুরাগ থানায় মামলা করেন। এতে অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করা হয়।

আরও পড়ুন:

পুরনো খবর:

ডাচ্-বাংলার টাকা লুট: গ্রেপ্তার আরও ৩
ডাচ্-বাংলার টাকা লুট: গ্রেপ্তার আটজন ৫ দিনের রিমান্ডে
ডাচ্-বাংলার টাকা লুট: আরো আড়াই কোটি টাকা উদ্ধার, গ্রেপ্তার ৮
ডাচ্- বাংলা ব্যাংকের লুট হওয়া টাকার অধিকাংশ উদ্ধার হয়নি
ডাচ-বাংলা ব্যাংকের লুট হওয়া টাকার ‘বেশিরভাগ’ উদ্ধার
খালি হাতে মারপিট করেই ১১ কোটি টাকা লুট!
ডাচ বাংলা ব্যাংকের সোয়া ১১ কোটি টাকাসহ গাড়ি ছিনতাই