২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিদিন ঢাকাবাসীর উৎপাদন ৬ হাজার টন বর্জ্য

বর্জ্য থেকে বিদ্যুৎ, জৈব সার ও বায়োগ্যাস উৎপাদনের পরিকল্পনা করার কথা সংসদে বলেছেন স্থানীয় সরকার মন্ত্রী।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2022, 09:52 PM

Updated : 30 Aug 2022, 09:52 PM

ঢাকার দুই সিটি করপোরেশনে প্রতিদিন ছয় হাজার মেট্রিক টনের বেশি বর্জ্য তৈরি হয় বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম।

আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে রিসাইক্লিং প্ল্যান্ট, বর্জ্য থেকে বিদ্যুৎ, জৈব সার ও বায়োগ্যাস উৎপাদনের পরিকল্পনা করার কথাও তিনি বলেছেন।

মঙ্গলবার জাতীয় সংসদে সরকারি দলের এমপি দিদারুল আলমের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব তথ্য জানান। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে তা উত্থাপিত হয়।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন ৫৪টি ওয়ার্ডে প্রতিদিন প্রায় তিন হাজার ৪০০ মেট্রিক টন বর্জ্য তৈরি হয়।

এর মধ্যে প্রায় ৮৪ শতাংশ সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনে এসে জমে। পরে তা ‘পরিবেশসম্মত’ গাড়ির মাধ্যমে নিয়মিত অপসারণ করে ল্যান্ডফিলে ব্যবস্থাপনা করা হয়। বাকি ১৬ শতাংশ ‘ঝাড়ুর বর্জ্য’ খোলাট্রাকের মাধ্যমে রাতে অপসারণ করা হয়।

এছাড়া উত্তর সিটির আওতাধীন এলাকায় ৫৪টি সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন-এসটিএসের মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম চলছে বলে জানান মন্ত্রী।

তিনি বলেন, “সুবিধাজনক জায়গা না পাওয়ায় প্রয়োজনীয় সংখ্যক এসটিএস নির্মাণ সম্ভব যাচ্ছে না। তবে আন্ডারগ্রাউন্ড এসটিএস নির্মাণ পরিকল্পনাধীন।

“এছাড়া জনসাধারণ অসচেতনতার কারণে অবৈধ কাঁচা বাজারের বর্জ্য, নির্মাণ সামগ্রী, গাছের ডাল-পালা ও কলকারখানার বর্জ্য রাস্তার পাশে ফেলে যায়; যা পর্যায়ক্রমে ডিএনসিসির পক্ষ হতে নিয়মিত পরিষ্কার করা হয়ে থাকে।“

মন্ত্রী জানান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) দৈনিক ২৮০০-৩০০০ মেট্রিক টন বর্জ্য সংগ্রহ করে মাতুয়াইল ল্যান্ডফিলে নেওয়া হয়। বর্জ্য সংগ্রহের হার ৯০ শতাংশের বেশি।

“বর্জ্য সংগ্রহ বৃদ্ধি এবং ব্যবস্থাপনার জন্য ওয়ার্র্ডভিত্তিতে একটি করে ৭০/৮০ টন ক্ষমতার এসটিএস বর্জ্য স্থানান্তর কেন্দ্র নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতোমধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ৭৫টি ওয়ার্ডের মধ্যে ৫৬টি ওয়ার্ডে এসটিএস অন্তর্বর্তীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্র নির্মাণ পরবর্তী ব্যবহার হচ্ছে।”

এছাড়া প্রতি ওয়ার্ডে একটি করে বেসরকারি প্রাইমারি কালেকশন সার্ভিস প্রোভাইডারের (পিসিএসপি) মাধ্যমে বাসা-বাড়ি ও দোকানের আবর্জনা সংগ্রহ করে এসটিএস বর্জ্য স্থানান্তর কেন্দ্রে জমা করে ল্যান্ডফিলে অপসারণ করা হচ্ছে বলে জানান তাজুল ইসলাম।

পুরনো খবর:

পরিচ্ছন্ন নগরী এখনও যেন স্বপ্ন

তিনি বলেন, “এর ফলে যত্রতত্র স্থানে বিদ্যমান কন্টেইনার এবং খোলা ডাস্টবিন বন্ধ করা সম্ভব হয়েছে। এতে নগরবাসী দূষণমুক্ত পরিচ্ছন্ন নগরী উপভোগ করছে।

“আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার জন্য নগরীর বর্জ্য কমানোর লক্ষ্যে বর্জ্য পৃথকীকরণ ও পুনঃব্যবহারে রিসাইক্লিং প্ল্যান্ট, বর্জ্য থেকে বিদ্যুৎ, জৈব সার, বায়োগ্যাস প্রভৃতি নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।”

আগামী দুই থেকে তিন বছরের মধ্যে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনার আওতায় এসব প্রকল্পের বাস্তবায়ন শুরু করা যাবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।

সংসদ সদস্য আনোয়ার হোসেন খানের প্রশ্নের জবাবে স্থানীয় সরকার মন্ত্রী জানান, ২০২২ সালের ২১ অগাস্ট পর্যন্ত অনলাইনে ২০ কোটি ৭৮ লাখ ৯২ হাজার ৭৬৭ জনের জন্মনিবন্ধন সম্পন্ন হয়েছে। এছাড়া জন্ম ও মৃত্যু নিবন্ধনকে একটি ‘শুদ্ধ তথ্যভাণ্ডার’ হিসেবে প্রস্তুত করার জন্য ‘ডেটা শুদ্ধিকরণ প্রকল্প’ নেওয়া হয়েছে।

নুরুন্নবী চৌধুরীর প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ঢাকা ওয়াসা আগামী ২০৩০ সালের মধ্যে রাজধানীকে ‘শতভাগ স্থায়ী পয়ঃনিষ্কাশন সেবার’ আওতায় আনার উদ্যোগ নিয়েছে।