২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কামরাঙ্গীরচরে রিকশার ধাক্কায় প্রাণ গেল দেড় বছরের শিশুর

আহত হয়েছে তার বোন।

কামরাঙ্গীরচরে রিকশার ধাক্কায় প্রাণ গেল দেড় বছরের শিশুর

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল

ঢাকা মেডিকেল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2023, 01:43 AM

Updated : 12 Oct 2023, 01:43 AM

ঢাকার কামরাঙ্গীরচর এলাকায় ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় মায়ের কোলে থাকা দেড় বছরের শিশু পড়ে গিয়ে প্রাণ হারিয়েছে।

বুধবার রাতের মর্মান্তিক এ দুর্ঘটনায় প্রাণ হারানো শিশুটির নাম ওসমান গনি। ওই সময় মায়ের সঙ্গে থাকা ওসমানের ৬ বছর বয়সী বোন হুমায়ারাও আহত হন।

ঢাকা মেডিকেল ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মুন্সিহাটি এলাকার জোসনা আক্তার সন্তানকে চিপস কিনে দিতে বাসার কাছের দোকানে যাচ্ছিলেন। এসময় ওই মায়ের কোলে ছিল শিশু ওসমান আর সঙ্গে ছিল ওসমানের বোন হুমায়ারা।

“ব্যাটারিচালিত রিকশা দোকানের সামনে এক নারীকে ধাক্কা দেয়। ওই নারী গিয়ে শিশুটির মা জোসনা বেগমের উপর পড়েন। জোসনার কোলে থাকা শিশু ওসমান ছিটকে পড়ে রাস্তায়, তখন ওই রিকশাটিই ওসমানকে চাপা দেয়।”

গুরুতর আহত শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান পরিদর্শক বাচ্চু।


শিশুটির বাবার নাম জীবন আহমদ শাকিল। দুই বোন এক ভাইয়ের মধ্যে সে ছিল সবার ছোট।