২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রামীণ ওয়াটার লিমিটেডের বোর্ড সভায় অংশ নিলেন সাবেক প্রধান উপদেষ্টা ইউনূস

দেশের যেসব এলাকায় ভূগর্ভস্থ পানিতে আর্সেনিক রয়েছে, সেসব এলাকায় নিরাপদ খাবার পানি ও রান্নার পানি সরবরাহ করা গ্রামীণ ওয়াটার লিমিটেডের লক্ষ্য।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2026, 09:26 PM

Updated : 26 Aug 2026, 03:05 PM

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব শেষে পুরনো কাজে ফিরে ইউনূস সেন্টারে গ্রামীণ ওয়াটার লিমিটেডের বোর্ড সভায় অংশ নিয়েছেন মুহাম্মদ ইউনূস।

বুধবার অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. আশরাফুল হাসান। মুহাম্মদ ইউনূস প্রতিষ্ঠাতা হিসেবে এর বোর্ডের অনারারি মেম্বার। সেই হিসেবে তিনি বোর্ড সভায় অংশ নেন।

ইউনূস সেন্টারের এক বার্তায় বলা হয়, গ্রামীণ ওয়াটার লিমিটেড মূলত গ্রামীণ ভিওলিয়া ওয়াটার লিমিটেডের একটি নবগঠিত সংস্করণ। একসময় এটি ফরাসি কোম্পানি ‘ভিওলিয়া ওয়াটার’-এর সঙ্গে যৌথ উদ্যোগ হিসেবে পরিচালিত হত।

দেশের যেসব এলাকায় ভূগর্ভস্থ পানিতে আর্সেনিক রয়েছে, সেসব এলাকায় নিরাপদ খাবার পানি ও রান্নার পানি সরবরাহ করা এ প্রতিষ্ঠানের লক্ষ্য।

সভায় নিরাপদ পানি সরবরাহের উদ্যোগ এবং প্রতিষ্ঠানটির কার্যক্রম নিয়ে আলোচনা হয়।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ২০২৪ সালের ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ অগাস্ট ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। 

১৮ মাস পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী নতুন সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করে সেই সরকারের অধ্যায় শেষ হয়।