Published : 08 Jul 2026, 06:00 PM
দেশের ভেতরে ও উজানে ভারি বৃষ্টিপাতের কারণে আগামী কয়েক দিনের মধ্যে ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম ও রংপুর বিভাগের নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদে বন্যা হতে পারে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বুধবার এ তথ্য তুলে ধরে বলেছে, গত ২৪ ঘণ্টায় দেশের অভ্যন্তরে রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগে এবং উজানে ভারতের মেঘালয়, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও অরুণাচল প্রদেশে ভারি থেকে অতি ভারি বৃষ্টি হয়েছে।
আগামী তিন দিনও চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগ এবং তৎসংলগ্ন ভারতের উজানে (ত্রিপুরা, আসাম, মেঘালয় ও পশ্চিমবঙ্গ) ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে।
এর পরবর্তী দুই দিন মাঝারি-ভারি থেকে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথাও বলছে বন্যা পূর্বাভাস কেন্দ্র।
বিপৎসীমার উপরে দুই নদীর পানি
এরই মধ্যে পাহাড়ি ঢল ও বৃষ্টিতে বান্দরবানে সাঙ্গু ও লামায় মাতামুহুরী নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
বুধবার সকাল ৯টায় বান্দরবান পয়েন্টে সাঙ্গু নদীর পানি বিপৎসীমার ৯৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। গত ২৪ ঘণ্টায় এ পয়েন্টে পানি বেড়েছে ৩৪৮ সেন্টিমিটার।
অপরদিকে লামা পয়েন্টে মাতামুহুরী নদীর পানি বিপৎসীমার ১৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় সেখানে পানি বেড়েছে ১৭৩ সেন্টিমিটার।
চট্টগ্রাম বিভাগে বন্যা সতর্কতা
আগামী তিন দিন চট্টগ্রাম বিভাগের গোমতী, মুহুরী, ফেনী, সিলোনিয়া, হালদা, সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি দ্রুত বৃদ্ধি পেতে পারে।
এর ফলে আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টায় বান্দরবান, কক্সবাজার, ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ি জেলার বেশকিছু স্থানে নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে এবং নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদে বন্যা পরিস্থিতি হতে পারে।
এ ছাড়া লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলার নিম্নাঞ্চল কোথাও কোথাও সাময়িকভাবে প্লাবিত হতে পারে।
সিলেট ও ময়মনসিংহ বিভাগ
আগামী তিন দিন সিলেট ও ময়মনসিংহ বিভাগের মনু, ধলাই, খোয়াই, কংস, সারিগোয়াইন, সোমেশ্বরী, যাদুকাটা ও ভুগাই নদীর পানি দ্রুত বৃদ্ধি পাবে বলে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে।
এর ফলে আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টায় সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোণা, শেরপুর ও ময়মনসিংহ জেলার কিছু কিছু স্থানে পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হয়ে স্বল্পমেয়াদে বন্যার শঙ্কা রয়েছে।
পাশাপাশি সুরমা ও কুশিয়ারা নদীর পানিও আগামী তিন দিন দ্রুত বৃদ্ধি পেয়ে সিলেট ও সুনামগঞ্জ জেলায় সতর্কসীমায় পৌঁছাতে পারে।
রংপুর বিভাগ
রংপুর বিভাগে তিস্তা নদীর পানিও আগামী তিন দিন দ্রুত বাড়তে পারে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় নীলফামারী, লালমনিরহাট ও রংপুর জেলার নিম্নাঞ্চলে তিস্তার পানি বিপৎসীমা অতিক্রম করে স্বল্পমেয়াদে বন্যা পরিস্থিতি হতে পারে।
এ ছাড়া ধরলা ও দুধকুমার নদীর পানি বর্তমানে স্থিতিশীল থাকলেও আগামী ৭২ ঘণ্টায় তা বেড়ে লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় সতর্কসীমায় প্রবাহিত হতে পারে বলে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র তথ্য দিয়েছে।