পুরান ঢাকায় এসি মেরামতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
নিহত আজিজুলের বাড়ি টাঙ্গাইলের নাগরপুরে; তিনি সূত্রাপুরে এসি সার্ভিসিংয়ের দোকান চালাতেন।
পুরান ঢাকার সূত্রাপুর লক্ষ্মীবাজারে এসি সার্ভিসিং করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
আজিজুল ইসলাম নামে ২৫ বছর বয়সী ওই যুবক স্থানীয় একটি এসি সার্ভিসিংয়ের দোকান চালাতেন।
শনিবার বিকালে লক্ষ্মীবাজার এলাকার একটি ভবনে এসি সার্ভিসিং করতে গিয়ে এ ঘটনা ঘটে।
পরে স্থানীয় একটি হাসপাতাল ঘুরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ৭টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান বলেছেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
নিহত আজিজুল টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সলিমাবাদ গ্রামের আরিফ শেখের ছেলে। তিনি সূত্রাপুরের স্থানীয় একটি এসি সার্ভিসিংয়ের দোকান চালাতেন এবং সেখানেই থাকতেন। চার ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়।
নিহত আজিজুলের চাচা বাদল বলেন, বিকালে সহকর্মীকে নিয়ে লক্ষ্মীবাজারের একটি বাসায় এসি সার্ভিসিংয়ের কাজে যান আজিজুল। কাজ শেষে এক ছাদ থেকে অন্য ছাদে পার হওয়ার সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে গুরুতর আহত হয়ে ছাদেই অচেতন হয়ে পড়েন।
ঘটনার বর্ণনায় তিনি বলেন, ঘটনার সময় তার সহকর্মী নামাজ পড়তে গিয়েছিলেন। নামাজ শেষে ফিরে এসে তিনি আজিজুলকে ছাদে পড়ে থাকতে দেখেন। তাকে প্রথমে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
