১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

সরকারি হল আরও একটি স্কুল

এ নিয়ে চলতি বছর ১৩টি স্কুল সরকারি হল; ফলে মোট সরকারি স্কুলের সংখ্যা দাঁড়াল ৬৯৩টিতে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2025, 08:26 PM

Updated : 26 Aug 2026, 02:33 PM

যশোরের অভয়নগর উপজেলার জে জে আই নিম্ন মাধ্যমিক বিদ্যালয় সরকারি ঘোষণা করা হয়েছে।

এ নিয়ে চলতি বছর ১৩টি স্কুল সরকারি হল; ফলে মোট সরকারি স্কুলের সংখ্যা দাঁড়াল ৬৯৩টিতে।

সোমবার জে জে আই নিম্ন মাধ্যমিক বিদ্যালয় সরকারি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

সেখানে বলা হয়, প্রচলিত বিধি-বিধানের আলোকে প্রতিষ্ঠানটির শিক্ষক-কর্মচারীদের আত্তীকরণ করা হবে এবং আত্তীকৃত শিক্ষক-কর্মচারীর চাকরি বদলিযোগ্য হবে না।

এর আগে গত ১৬ সেপ্টেম্বর একই শর্তে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর অক্ষয় কুমার শশী কুমার উচ্চ বিদ্যালয় সরকারি করেছিল শিক্ষা মন্ত্রণালয়। 

এর আগে গত ১৫ জুলাই চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সবুজ শিক্ষায়তন উচ্চ বিদ্যালয় ও গত ১০ জুলাই খুলনার খালিশপুর উপজেলার পিপলস জুট মিলস মাধ্যমিক বিদ্যালয় সরকারি ঘোষণা করা হয়।

গত ৯ মার্চ চট্টগ্রামের পাঁচলাইশ উপজেলার আমিন জুট মিলস উচ্চ বিদ্যালয় ও খুলনার খালিশপুর উপজেলার ক্রিসেন্ট মাধ্যমিক বিদ্যালয় সরকারি করা হয়।

এরপর ১০ মার্চ রাজশাহীর পবা উপজেলার রাজশাহী পাটকল উচ্চ বিদ্যালয় এবং ২৫ মার্চ রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া হাউজিং সোসাইটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় সরকারি ঘোষণা করেছিল শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

গত ৩০ এপ্রিল ঢাকার ডেমরার বাওয়ানী আদর্শ বিদ্যালয় সরকারি করে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল।১৯ মে শিক্ষা মন্ত্রণালয় নরসিংদী সদর উপজেলার ইউ এম সি আদর্শ বিদ্যালয়, খুলনার ফুলতলা উপজেলার আলীম ইস্টার্ণ মাধ্যমিক বিদ্যালয় ও খুলনার খালিশপুর উপজেলার প্লাটিনাম মাধ্যমিক বিদ্যালয় সরকারি ঘোষণা করে। 

গত ২২ মে খুলনার দিঘলিয়া উপজেলার স্টার জুট মিলস উচ্চ বিদ্যালয় সরকারি ঘোষণা করা হয়।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ভর্তির মৌসুমে দেশে মোট সরকারি স্কুলের সংখ্যা ছিল ৬৮০টি। চলতি বছর ১৩টি স্কুল সরকারি হওয়ায় সেই সংখ্যা ৬৯৩টি হল।