১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মৌচাকে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে ছুরিকাঘাতে হত্যা

সালিশে মারামারি থেকে এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে, বলছে পুলিশ।

মৌচাকে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে ছুরিকাঘাতে হত্যা
বিল্লাল হোসেন তালুকদার

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2026, 10:33 PM

Updated : 11 Sep 2026, 03:22 PM

ঢাকার মৌচাক এলাকায় ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক দলের সাবেক এক নেতার খুন হওয়ার তথ্য দিয়েছে পুলিশ। 

সোমবার রাত সাড়ে ৮টার দিকে মৌচাক আনারকলি মার্কেটের সামনের গলিতে এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে। রাত ৯টা ২০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে বিল্লাল হোসেন তালুকদার (৫৭) নামে ওই ব্যক্তি মারা যান।   

নিহত বিল্লাল রমনা থানার ১৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ছিলেন। গত বছরের সেপ্টেম্বরে মালিবাগে সোহাগ পরিবহনের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের মামলায় তিনি গ্রেপ্তার হন। পরে তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।

বিল্লালকে হাসপাতালে নিয়ে যাওয়া ব্যক্তিদের বরাত দিয়ে পুলিশ বলেছে, একটি বিবাদের সালিশের জন্য বিল্লাল আনারকলি মার্কেট এলাকায় গিয়েছিলেন। এক পর্যায়ে সালিশে মারামারি থেকে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। আনারকলি মার্কেটের সামনের গলিতে ‘অজ্ঞাত ১০-১২ জন’ তার ওপর হামলা চালায়। 

পুলিশ বলেছে, বিল্লালকে বুকের ডান পাশে ছুরির দিয়ে আঘাত করে হামলাকারীরা পালিয়ে যাযন। স্বজনরা খবর পেয়ে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিলে রাত ৯টা ২০ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, বিল্লাল হোসেনের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।