যুদ্ধাপরাধ: জামায়াত নেতা আজহারের রিভিউ শুনানি ২৩ জানুয়ারি
আপিল বিভাগ ২০১৯ সালের ৩১ অক্টোবর দেওয়া রায়ে মৃত্যুদণ্ড বহাল রাখে।
একাত্তরের মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের রিভিউ শুনানির জন্য আগামী ২৩ জানুয়ারি দিন ঠিক করেছে আপিল বিভাগ।
প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে পাঁচ সদস্যের বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেন।
আজহারের রিভিউ আবেদন উপস্থাপন করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আবদুর রাজ্জাক। তাকে সহযোগিতা করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির, এহসান আবদুল্লাহ সিদ্দিক ও নাজিব মোমেন।
এহসান আবদুল্লাহ সিদ্দিক বলেন, আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায় পুর্নবিবেচনা চেয়ে করা আবেদন শুনানির জন্য উপস্থাপন করেন তার আইনজীবী আব্দুর রাজ্জাক। আদালত শুনানির জন্য আগামী ২৩ জানুয়ারি দিন রেখেছেন।
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০১৪ সালের ৩০ ডিসেম্বর এ টি এম আজহারকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরপর ২০১৯ সালের ৩১ অক্টোবর দেওয়া রায়ে মৃত্যুদণ্ড বহাল রাখে আপিল বিভাগ।
এ রায় রিভিউ চেয়ে ২০২০ সালের ১৯ জুলাই আপিল বিভাগে আবেদন করেন এ টি এম আজহারুল ইসলাম, যা এতদিন শুনানির অপেক্ষায় ছিল।
ট্রাইব্যুনালের রায়ে বলা হয়েছিল, এ টি এম আজহারুল ইসলাম একাত্তরে ছিলেন ইসলামী ছাত্র সংঘের জেলা কমিটির সভাপতি। সে সময় তার নেতৃত্বেই বৃহত্তর রংপুরে গণহত্যা চালিয়ে ১৪ শ’র বেশি মানুষকে হত্যা, বহু নারীকে ধর্ষণ ও অপহরণ, নির্যাতনের ঘটনা ঘটেছিল।
