গাজীপুরে পিকআপ ভ্যান খাদে পড়ে নিহত ৩
পুলিশ বলছে, চালক নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে।
গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় শসা বোঝাই একটি পিকআপ ভ্যান খাদে পড়ে চালকসহ তিনজনের প্রাণ গেছে।
বুধবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার কালীগঞ্জের নোয়াপাড়া মৈশাইর এলাকার জয়দেবপুর-ইটাখোলা সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে কালীগঞ্জ থানার এসআই সুশান্ত চন্দ্র সরকার জানান।
নিহতদের মধ্যে পিকআপ ভ্যানের চালক, তার সহকারী ও এক ব্যবসায়ী রয়েছেন বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
এসআই সুশান্ত বলেন, “নরসিংদী থেকে শসা বোঝাই একটি পিকআপ ভ্যান জয়দেবপুরের দিকে যাচ্ছিল। পথে চালক নিয়ন্ত্রণ হারালে পিকআপ ভ্যানটি সড়কের পাশে খাদে পড়ে যায়।
“এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।”
এ ঘটনায় আইনী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান সুশান্ত।
