আজিমপুরে বাসের চাপায় চালকের সহকারীর মৃত্যু
সানোয়ার হোসেন নামের ২৬ বছর বয়সী ওই যুবক 'দেওয়ান পরিবহনের' বাসে চালকের সহকারী হিসেবে কাজ করতেন।
রাজধানীর আজিমপুর বাসস্ট্যান্ড এলাকায় বাসের চাকার নিচে পড়ে চালকের সহকারীর প্রাণ গেছে।
সানোয়ার হোসেন নামের ২৬ বছর বয়সী ওই যুবকের গ্রামের বাড়ি শেরপুর জেলার নালিতাবাড়ী থানার পলাশিয়ায়। 'দেওয়ান পরিবহনের' বাসে চালকের সহকারী হিসেবে কাজ করতেন তিনি।
লালবাগ থানার পরিদর্শক (তদন্ত) শাহ আলম বলেন, সোমবার ভোর ৬টার দিকে আজিমপুর বাসস্ট্যান্ড এলাকায় সানোয়ার তার বাসের পেছনে বসে প্রসাব করছিলেন। বাসের চালক সানোয়ারকে দেখতে না পেয়ে গাড়ি পেছনের দিকে নিলে চাকার নিচে পড়ে গুরুতর আহত হন সানোয়ার।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক সানোয়ারকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর বাসচালককে আটক করা হয়েছে বলে জানান পরিদর্শক শাহ আলম।
