১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ঈদে কেনাকাটা: নিউ মার্কেট ও পান্থপথের সামনে গাড়ি চলবে যেভাবে

আগামী শুক্র ও শনিবার এবং ২৬ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত দুপুর ১টা থেকে রাত ১০টা পর্যন্ত বিকল্প এ ব্যবস্থা চলবে, বিজ্ঞপ্তিতে বলেছে ডিএমপি।

ঈদে কেনাকাটা: নিউ মার্কেট ও পান্থপথের সামনে গাড়ি চলবে যেভাবে
রাজধানীর নিউ মার্কেট এলাকা। ফাইল ছবি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2025, 09:38 PM

Updated : 26 Aug 2026, 12:02 PM

রোজার ঈদের কেনাকাটাকে ঘিরে যানজট এড়াতে রাজধানীর বিভিন্ন বিপণীবিতান সংলগ্ন সড়ক ‘যথাসম্ভব’ পরিহার করার অনুরোধ করে নিউ মার্কেট ও পান্থপথ সড়কে চলাচলের নতুন নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ-ডিএমপি।

আগামী শুক্র ও শনিবার এবং ২৬ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত নিউ মার্কেট ও পান্থপথ এলাকায় দুপুর ১টা থেকে রাত ১০টা পর্যন্ত ‘প্রয়োজনে ডাইভারশন’ দেওয়ার কথা বলা হয়েছে। 

যানবাহনের চাপ বিবেচনা করে রাজধানীর অন্যান্য রাস্তা যানজটমুক্ত রাখতে প্রয়োজনবোধে মাঝে মাঝে এ ডাইভারশন বলবৎ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

সোমবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এ বিষযক গণবিজ্ঞপ্তিতে ঈদ কেনাকাটায় আগত জনসাধারণ এবং বিপণীবিতান এলাকা দিয়ে চলাচলকারী যানবাহনের ‘সুবিধার্থে’ চারটি ক্রসিংয়ে নির্ধারিত দিনগুলোতে বিকল্প চলাচল ব্যবস্থার কথা বলা হয়।

যেসব পয়েন্টে ডাইভারশন

১. সোনারগাঁও ক্রসিং থেকে পান্থপথ (বীর উত্তম কাজী নুরুজ্জামান সড়ক) হয়ে পান্থপথ এলাকা/নিউ মার্কেট এলাকা/ধানমন্ডি/মোহাম্মদপুর/ ঝিগাতলা/ মিরপুরগামী যানবাহনকে ফার্মগেইট বা শাহবাগ এর দিকে ডাইভারশন দেওয়া হবে।

২. পান্থপথ গ্রিন রোড ক্রসিং থেকে সোনারগাঁও ক্রসিংগামী যানবাহন (পান্থপথে ইউটার্নকারী যানবাহনসহ) গ্রিন রোডে/রাসেল স্কয়ার বা ফার্মগেইটের দিকে ডাইভারশন দেওয়া হবে।

৩. মিরপুর রোড ও ধানমন্ডি থেকে আগত সাইন্সল্যাব ইন্টারসেকশন হয়ে নিউ মার্কেটগামী যানবাহন (সিটি বাস ব্যতীত) সাইন্সল্যাব ক্রসিং থেকে বামে মোড় নিয়ে এলিফ্যান্ট রোড বা কাটাবন রোড অথবা পলাশী ক্রসিং হয়ে চলাচলের জন্য ডাইভারশন দেওয়া হবে।

৪. নিউ মার্কেট ক্রসিংয়ে নিউ মার্কেটের সামনে দিয়ে মিরপুর সড়কগামী যানবাহন (সিটি বাস ব্যতীত) নিউ মার্কেট ক্রসিং থেকে নীলক্ষেত ক্রসিং বা আজিমপুর ক্রসিং বা নিউ মার্কেট-পিলখানা সড়কের দিকে ডাইভারশন দেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “নিউ মার্কেট ক্রসিং থেকে সাইন্সল্যাব ক্রসিং পর্যন্ত মিরপুর রোডের উভয় পাশে রিকশা চলাচলের জন্য আলাদা লেন (যে লেন দিয়ে কমপক্ষে ৩টি রিকশা পাশাপাশি চলতে পারবে) তৈরি করা হচ্ছে।”

ডাইভারশন ও রিকশা লেন মেনে চলাচল করতে অনুরোধ জানানোর পাশাপাশি সবার সহযোগিতা চেয়েছে ডিএমপি।