২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

বিদ্যুৎ ও যাত্রীসেবা বিঘ্নিত হলে জানাতে হবে টেলিভিশন স্ক্রলে

গ্রাহক ও যাত্রীসেবা পুনরায় চালু হলে তাও টেলিভিশন স্ক্রলের মাধ্যমে জানিয়ে দিয়ে ঘটনার জন্য দুঃখপ্রকাশ করতে হবে।

বিদ্যুৎ ও যাত্রীসেবা বিঘ্নিত হলে জানাতে হবে টেলিভিশন স্ক্রলে
বিদ্যুৎ ও জ্বালানি এবং সড়ক ও রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। ফাইল ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2025, 02:57 PM

Updated : 10 Sep 2026, 12:40 PM

কোনো কারণে বিদ্যুতের গ্রাহকসেবা, সড়ক ও রেলপথে যাত্রীসেবা বিঘ্নিত হলে সেই তথ্য টেলিভিশনে স্ক্রলের মাধ্যমে জানাতে হবে। 

রোববার এমন নির্দেশনা দিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি এবং সড়ক ও রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

উপদেষ্টার একান্ত সচিব সাইফুল ইসলামের এদিনে সই করা এক দাপ্তরিক নির্দেশনায় বলা হয়েছে, শনিবার বিকালে ঢাকায় মেট্রোরেল চলাচল সাময়িক বিঘ্নিত হয়। এছাড়া খুলনা অঞ্চলে বিদ্যুতের ব্ল্যাকআউট হয়। এই দুটি ঘটনা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব কিংবা সংস্থার প্রধানরা উপদেষ্টাকে জানাননি। উপদেষ্টা এসব বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে জানতে পারেন।

রোববারের দাপ্তরিক নির্দেশনায় বলা হয়েছে, “এখন থেকে যেকোনো ধরণের গ্রাহক ও যাত্রীসেবা ব্যাহত হলে তা টেলিভিশনে স্ক্রলের মাধ্যমে অনতিবিলম্বে জানাতে হবে। গ্রাহক ও যাত্রীসেবা পুনরায় চালু হলে তাও টেলিভিশন স্ক্রলের মাধ্যমে জানিয়ে দিয়ে ঘটনার জন্য দুঃখপ্রকাশ করতে হবে।”

বৈদ্যুতিক ত্রুটির কারণে শনিবার বেলা ৫টার পর ঢাকায় মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় দুই ঘণ্টা পর সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে ফের চলাচল শুরু করে মেট্রোরেল।

এ ঘটনায় ভোগান্তিতে পড়েন ঘরমুখো হাজারো মানুষ।

ওই ঘটনার জন্য গণমাধ্যম বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো বিজ্ঞপ্তি দেয়নি ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড, ডিএমটিসিএল।

জাতীয় গ্রিডে সমস্যার কারণে শনিবার দেশের দক্ষিণাঞ্চলের ২১ জেলা বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়।