Published : 16 Nov 2025, 03:53 PM
আলিম পরীক্ষার ফলে ‘সন্তুষ্টু হতে না পেরে’ খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করা মাদ্রাসা বোর্ডের ৪৫ জন পরীক্ষার্থী ফেল থেকে পাস করেছেন।
আর আগে না পেলেও খাতা পুনর্নিরীক্ষণে নতুন করে সর্বোচ্চ ফল বা জিপিএ-৫ পেয়েছেন ৩৪ জন।
রোববার আলিমের খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করেছে মাদ্রাসা শিক্ষা বোর্ড।
পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের বিজ্ঞপ্তিতে বোর্ড জানিয়েছে, ৯ হাজার ৭০১ জন পরীক্ষার্থী ৩১ হাজার ৮২৮টি খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেছিলেন। তাদের মধ্যে ২০৪ জনের গ্রেড পরিবর্তন হয়েছে এবং ৮৫ জনের জিপিএ পরিবর্তন হয়েছে। ৪৫ জন ফেল থেকে পাস ও ৩৪ জন নতুন করে জিপিএ-৫ পেয়েছেন।
গেল ১৬ অক্টোবর এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়। পরদিন ১৭ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত অনলাইনে খাতা পুনর্নিরীক্ষণের আবেদনের সুযোগ পান ‘ফলে সন্তুষ্টু হতে না পারা’ পরীক্ষার্থীরা। প্রতিপত্রের জন্য ১৫০ টাকা ফি দিয়ে শিক্ষার্থীদের খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করতে হয়েছে।
প্রতিবছরই পাবলিক পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের সুযোগ পান ‘ফলে সন্তুষ্টু হতে না পারা’ পরীক্ষার্থীরা। তবে এ ক্ষেত্রে তাদের খাতা পুনরায় মূল্যায়ন করা হয় না, তাদের খাতায় বিভিন্ন প্রশ্নের উত্তরের প্রেক্ষিতে প্রাপ্ত নম্বর পুনরায় যোগ করে দেখা হয় তা ঠিক আছে কী-না।
এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণ: ঢাকা বোর্ডে আরো ২০১ জনের জিপিএ-৫