১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণ: ঢাকা বোর্ডে আরো ২০১ জনের জিপিএ-৫

এবার ঢাকা বোর্ডের কোনো শিক্ষার্থী ফেল থেকে জিপিএ-৫ পাননি।

এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণ: ঢাকা বোর্ডে আরো ২০১ জনের জিপিএ-৫
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2025, 03:24 PM

Updated : 26 Aug 2026, 05:07 PM

এইচএসসি ও সমমান পরীক্ষার ফলে ‘সন্তুষ্টু হতে না পেরে’ খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করা ঢাকা বোর্ডের ৩০৮ জন পরীক্ষার্থী ফেল থেকে পাস করেছেন। 

সেই সঙ্গে নতুন করে সর্বোচ্চ ফল বা জিপিএ-৫ পেয়েছেন ২০১ জন। 

রোববার এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। 

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক কামাল উদ্দিন হায়দার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুনর্নিরীক্ষণের আবেদন করা ৭৯ হাজার ৬৭১ জন শিক্ষার্থীর মধ্যে ২ হাজার ৩৩১ জনের ফল পরিবর্তন হয়েছে। 

“৩০৮ জন ফেল থেকে পাস ও ২০১ জন নতুন করে জিপিএ-৫ পেলেও এবার বোর্ডের কোনো শিক্ষার্থী ফেল থেকে জিপিএ-৫ পাননি।”

গত ১৬ অক্টোবর এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়। তাতে পাস করেছে ৫৮ দশমিক ৮৩ শতাংশ শিক্ষার্থী, যা গত অন্তত দুই দশকের মধ্যে সবচেয়ে কম।

উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ৬৯ হাজার ৯৭ জন জিপিএ ৫ পায়। খাতা পুনর্নিরীক্ষণে তা বেড়ে এখন ৬৯ হাজার ২৯৮ জন হল।  

গত ১৭ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত অনলাইনে খাতা পুনর্নিরীক্ষণের আবেদনের সুযোগ পান ‘ফলে সন্তুষ্টু হতে না পারা’ পরীক্ষার্থীরা। 

প্রতি পত্রের জন্য ১৫০ টাকা ফি দিয়ে শিক্ষার্থীদের খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করতে হয়েছে।

প্রতিবছরই পাবলিক পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের সুযোগ পান ‘ফলে সন্তুষ্টু হতে না পারা’ পরীক্ষার্থীরা। তবে এ ক্ষেত্রে তাদের খাতা পুনরায় মূল্যায়ন করা হয় না, তাদের খাতায় বিভিন্ন প্রশ্নের উত্তরের প্রেক্ষিতে প্রাপ্ত নম্বর পুনরায় যোগ করে দেখা হয় তা ঠিক আছে কী-না।