১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ভারতের বিপক্ষে জয়: বাংলাদেশ দলকে ইউনূসের অভিনন্দন

“এই জয় প্রতিটি বাংলাদেশিকে গর্বিত করেছে।”

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2025, 02:50 PM

Updated : 26 Aug 2026, 05:09 PM

এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের বিপক্ষে ১-০ গোলের দারুণ জয়ে বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

তিনি বলেন, “এই জয় প্রতিটি বাংলাদেশিকে গর্বিত করেছে। এটি কেবল একটি ফুটবল ম্যাচের জয় নয়; এটি লাখ লাখ তরুণ-তরুণী যারা খেলাধুলাকে ইতিবাচক শক্তির উৎস হিসেবে দেখে, তাদের জন্য অনুপ্রেরণা।”

বুধবার প্রধান উপদেষ্টার সদর দপ্তর থেকে এক বার্তায় এ কথা বলা হয়েছে। 

মঙ্গলবার ঢাকার স্টেডিয়ামে অর্জিত এই জয়টি ২২ বছর পর ভারতের বিপক্ষে প্রতিযোগিতামূলক ম্যাচে বাংলাদেশের প্রথম জয়। এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ফিরতি লেগে এই জয় পায় বাংলাদেশ। দ্বাদশ মিনিটে ম্যাচের ভাগ্য গড়ে দেওয়া গোলটি করেন শেখ মোরসালিন। ২০০৩ সালের পর এই প্রথম বাংলাদেশের কাছে হারল ভারত।

অভিনন্দন বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, “জাতি গঠনে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ভারতের মত শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে এমন একটি জয় এক্ষেত্রে একটি তাৎপর্যপূর্ণ অগ্রগতি।”

এই জয় বাংলাদেশের ফুটবলের গৌরবময় দিনগুলো ফিরে পেতে সহায়তা করবে বলে আশা করেন প্রধান উপদেষ্টা।

তিনি আরও বলেন, ২০২৪ সালে দায়িত্ব গ্রহণের পর থেকে অন্তর্বর্তীকালীন সরকার ফুটবলকে সর্বাত্মক সহযোগিতা দিয়ে আসছে এবং আশা প্রকাশ করেন আগামী দিনের সরকারগুলো এই ধারা অব্যাহত রাখবে।

মোরসালিনের গোলে ২২ বছর পর ভারতকে হারাল বাংলাদেশ

বাংলাদেশ কোচের চোখে, 'পুরো দল ম্যাচসেরা'

'এটি অবশ্যই আমার ক্যারিয়ারের সেরা সাফল্যের মধ্যে থাকবে'

'খুবই খারাপ লাগছে', বাংলাদেশের কাছে হেরে বললেন ভারত কোচ