Published : 04 Aug 2026, 06:49 PM
বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল ছাগল আমদানিতে আগ্রহ দেখিয়েছে মালয়েশিয়া।
রোববার সচিবালয়ে প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের সঙ্গে সাক্ষাৎ করে মালয়েশিয়ার রাষ্ট্রদূত মোহাম্মদ শুহাদা ওসমান এ আগ্রহ দেখান বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, এ লক্ষ্যে প্রাণিস্বাস্থ্য সনদ, হালাল সার্টিফিকেশন, কোয়ারেন্টিন ব্যবস্থা, স্যানিটারি ও ফাইটোস্যানিটারি (এসপিএস) মানদণ্ড এবং বাজার সম্প্রসারণে দুই দেশের সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে মতবিনিময় হয়েছে।
প্রাণিসম্পদ মন্ত্রণালয় বলছে, একইসঙ্গে মাছ, মাংস, দুধ ও অন্যান্য প্রাণিজ পণ্যের রপ্তানি সম্ভাবনাও আলোচনায় উঠে আসে।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন বলেন, “বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে বিদ্যমান চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্ককে কাজে লাগিয়ে মৎস্য, প্রাণিসম্পদ ও কৃষি খাতে যৌথ উদ্যোগ, প্রযুক্তি হস্তান্তর, বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণের ব্যাপক সুযোগ রয়েছে।”
তিনি হালাল মাংসের আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধিতে মালয়েশিয়ার অভিজ্ঞতা ও কারিগরি সহযোগিতা কামনা করেন।
মালয়েশিয়ার রাষ্ট্রদূত শুহাদা বাংলাদেশের কৃষি ও প্রাণিসম্পদ খাতের অগ্রগতির প্রশংসা করেন। তিনি ব্ল্যাক বেঙ্গল ছাগলসহ সম্ভাবনাময় প্রাণিজ পণ্য এবং কৃষিপণ্যের বাণিজ্য সম্প্রসারণে মালয়েশিয়ার আগ্রহের কথা জানান।
বাংলাদেশে মালয়েশিয়া দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি হাজওয়ান হাসনল এসময় উপস্থিত ছিলেন।