জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক আমানুল্লাহ
চার বছরের জন্য অধ্যাপক আমানুল্লাহকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য করা হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ এস এম আমানুল্লাহ।
বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের অনুমোদনের পর শিক্ষা মন্ত্রণালয় বুধবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে।
যোগদানের তারিখ থেকে চার বছরের জন্য অধ্যাপক আমানুল্লাহকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য করার কথা জানিয়ে প্রজ্ঞাপনে বলা হয়, এই দায়িত্বে তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতা এবং বিধি অনুযায়ী অন্যান্য সুবিধা পাবেন।
বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করতে হবে। রাষ্ট্রপতি প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।
অধ্যাপক এ এস এম আমানুল্লাহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে অধ্যাপক মশিউর রহমানের স্থলাভিষিক্ত হবেন। ক্ষমতার পালাবদলে বিশ্ববিদ্যালয়গুলোর শীর্ষ পদে পরিবর্তনের মধ্যে সম্প্রতি পদত্যাগ করেন অধ্যাপক মশিউর।
