১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রাজউকের সাবেক চেয়ারম্যান সিদ্দিকুর রহমানের মৃত্যু

মিরপুর ডিওএইচএস জামে মসজিদে তার জানাযা হওয়ার কথা রয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2025, 07:33 PM

Updated : 26 Aug 2026, 02:32 PM

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) সাবেক চেয়ারম্যান সিদ্দিকুর রহমান সরকার মারা গেছেন।

শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে ফরিদপুরে এক বন্ধুর বাসায় তার মৃত্যু হয়েছে বলে রাজউকের প্রধান নগর পরিকল্পনাবিদ মো. আশরাফুল ইসলাম জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আমাকে একজন আর্মি অফিসার বিষয়টি জানিয়েছেন। এ ছাড়া আমাদের রাজউকের নিজস্ব হোয়াটসঅ্যাপ গ্রুপে পিআরও বিষয়টি শেয়ার করেছেন। যতদূর জেনেছি তার হার্ট অ্যাটাক হয়েছিল। ফরিদপুরে এক বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়েছিলেন তিনি।”

২০২৪ সালের ৪ এপ্রিল সিদ্দিকুর রহমান দুই বছরের জন্য রাজউকের চেয়ারম্যান হিসেবে চুক্তিভিত্তিক দায়িত্ব পান। সে বছরের ১৭ সেপ্টেম্বর তার চুক্তি বাতিল করে রাজউকের চেয়ারম্যানের পদ থেকে অপসারণ করা হয়।

তবে ২২ সেপ্টেম্বর আগের আদেশ বাতিল করে ফের সিদ্দিকুর রহমানকে চেয়ারম্যান করা হয়। চলতি বছরের ৮ মার্চ তার চুক্তি বাতিল করে সরকার।

এরপর তার বিরুদ্ধে ‘দুর্নীতির’ অভিযোগ অনুসন্ধান শুরু করে দুদক। সংস্থাটির করা আবেদনে চলতি বছরের ১৭ এপ্রিল স্ত্রীসহ তার দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয় আদালত। এরপর ১৯ মে তাদের দুজনের শেয়ার অবরুদ্ধের আদেশ দেওয়া হয়।

সিদ্দিকুর রহমান সরকারের বাড়ি নরসিংদীর শিবপুর উপজেলায়। তিনি ১৯৮৩ সালে বাংলাদেশ সেনাবাহিনীর প্রকৌশলী হিসেবে কমিশন পান। বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফসহ বিভিন্ন দায়িত্ব সামলান তিনি।

শুক্রবার মাগরিবের পর মিরপুর ডিওএইচএস জামে মসজিদে তার জানাযা হওয়ার কথা রয়েছে।