১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ছোটবেলা থেকেই বঙ্গবন্ধুচর্চা বাড়াতে হবে: প্রতিমন্ত্রী নজরুল

“বঙ্গবন্ধু, স্বাধীনতা, মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে সন্তানদেরকে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ বাইটি পড়তে উদ্বুদ্ধ করতে হবে,” বলেন তিনি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2024, 05:04 PM

Updated : 17 Mar 2024, 05:09 PM

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যাপিত জীবন ও বর্ণাঢ্য রাজনৈতিক ইতিহাস সবার মাঝে ছড়িয়ে দিতে স্কুল শিক্ষার্থীদের বঙ্গবন্ধুচর্চা বাড়ানোর আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী।

জাতির পিতার ১০৪তম জন্মবার্ষিকী উপলক্ষে রোববার ঢাকার তোপখানা রোডের চট্টগ্রাম ভবনে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সেখানে শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করে চট্টগ্রাম সমিতি, ঢাকা।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী নজরুল ইসলাম বলেন, “বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীই আত্মনির্ভরশীল জাতি তৈরি করবে। বঙ্গবন্ধুর যাপিত জীবন ও বর্ণাঢ্য রাজনৈতিক ইতিহাস সবার মাঝে ছড়িয়ে দিতে হবে।”

চট্টগ্রাম-১৪ আসনের এ সংসদ সদস্য বলেন, “স্কুলের শিক্ষার্থীদের মধ্যে ছোটকাল থেকেই বঙ্গবন্ধুর আদর্শ, বঙ্গবন্ধুচর্চা বাড়াতে হবে। বঙ্গবন্ধু, স্বাধীনতা, মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে সন্তানদেরকে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটি পড়তে উদ্বুদ্ধ করতে হবে।”

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশু-কিশোররা বঙ্গবন্ধু এবং বাংলাদেশের গ্রামীণ দৃশ্য রং-তুলির আঁচড়ে ফুটিয়ে তোলে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় ও কেক কাটা হয়।

চট্টগ্রাম সমিতি ঢাকার সভাপতি মোহাম্মদ মুসলিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে সমিতির অন্যান্যরা উপস্থিত ছিলেন।