২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নকল মোবাইলসহ মোতালেব প্লাজা থেকে গ্রেপ্তার ৬

চক্রটি কয়েক বছরে ৬ কোটি টাকার নকল ফোন বেচে থাকতে পারে, ধারণা পুলিশের।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2022, 07:32 PM

Updated : 10 Oct 2022, 07:32 PM

রাজধানীর মোতালেব প্লাজা থেকে নকল মোবাইল ফোনসহ ছয়জনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ।

হাতিরপুলের ওই বিপণিবিতান থেকে রোববার তাদের গ্রেপ্তার করা হয় বলে সোমবার সংবাদ সম্মেলনে করে জানান ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মো. মশিউর রহমান (৪৪), মো. সাগর হোসেন (৩৪), রহমত আলী (২৫), সুজন আলী (৩৫), তরিকুল ইসলাম বাবু (৫০) ও মনির হোসেন (৩৫)।

ডিএমপি মিডিয়া সেন্টারে হারুন অর রশীদ জানান, অভিযানে নোকিয়া ব্র্যান্ডের ৩১৩টি নকল মোবাইল ফোন, স্যামসাং ব্র্যান্ডের ২০৬টি নকল মোবাইল ফোন এবং নকল মোবাইল ফোনের ২০৩টি চার্জার, হেডফোন ১৯৫টি, ৯৭টি মোবাইল ক্যামেরাসহ বিভিন্ন খুচরা যন্ত্রাংশ উদ্ধার করা হয়।

“নোকিয়া কোম্পানির সেলস এবং মার্কেট ইন্টেলিজেন্টসের সদস্যরা দেশের বিভিন্ন মার্কেটও পরিদর্শন করে থাকেন। গত ৫ অক্টোবর তারা মোতালেব মার্কেটে যায়।”

এরপর মোতালেব প্লাজাসহ দেশের বিভিন্ন মোবাইল মার্কেটে নোকিয়ার নকল সিলযুক্ত মোবাইল ফোন বিক্রি হচ্ছে বলে পুলিশকে জানান নোকিয়ার প্রশাসনিক কর্মকর্তা মোজাম্মেল হোসেন।

গ্রেপ্তার ব্যক্তিরা নকল নোকিয়া ফোন তৈরি করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল জানিয়ে গোয়েন্দা কর্মকর্তা হারুন বলেন, “স্বল্পশিক্ষিত হলেও মোবাইল ফোন মেরামত এবং বিভিন্ন যন্ত্রপাতি সংযোজন করে নকল ফোন তৈরি করতে তারা পারদর্শী।

“তারা ৫ থেকে ৬ বছর যাবৎ নকল মোবাইল ফোন বিক্রির মাধ্যমে আনুমানিক ৬ কোটি টাকা আত্মসাৎ করেছে। নকল মোবাইল ফোন উৎপাদন এবং সংযোজন করে দেশব্যাপী বিস্তৃত নেটওয়ার্কের মাধ্যমে তারা সেটি বাজারজাত করছে।“

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেছেন নোকিয়া কর্মকর্তা মোজাম্মেল হোসেন।

চক্রটি সম্পর্কে হারুন বলেন, “চীন থেকে নকল মোবাইল ফোন তৈরির বিভিন্ন যন্ত্রাংশ আমদানি থেকে শুরু করে তৈরিকৃত নকল মোবাইল ফোন বাজারজাতকরণ পর্যন্ত অপরাধীরা বিভিন্ন স্তরে বিভক্ত হয়ে অপরাধ প্রক্রিয়াটি সম্পন্ন করে থাকে।

“অপরাধীরা বাজারের চাহিদা অনুযায়ী চীন থেকে নিম্নমানের বিভিন্ন ব্রান্ডের মোবাইল ফোন তৈরির যন্ত্রাংশ যেমন, মাদারবোর্ড, ডিসপ্লে, ক্যামেরা, কেসিং, ব্যাটারি, চার্জার, হেডফোনসহ অন্যান্য প্রয়োজনীয় যন্ত্রাংশ আমদানি করে প্রতারকের মাধ্যমে অসাধু ব্যবসায়ীদের নিকট বিক্রয় করে।”

নকল মোবাইল ফোনে ব্যবহৃত লোগো, স্টিকার ও প্যাকেট স্থানীয় বিভিন্ন ছাপাখানা থেকে তৈরি হয়ে থাকে বলে জানান তিনি।

গাজীপুরের কালিয়াকৈরে নোকিয়ার যে কারখানা আছে, তার অন্যতম উদ্যোক্তা প্রতিষ্ঠান ইউনিয়ন লিমিটেডের মহাব্যবস্থাপক (অপারেশন) আজমল হাসান বলেন, “এভাবে বিক্রিত মোবাইল নিম্নমানের হওয়ায় কেনার পর থেকেই বিভিন্ন সমস্যা নিয়ে ক্রেতারা বিক্ৰয়কারীর দোকানে হাজির হন; তখন ত্রুটিযুক্ত মোবাইল মেরামতের মাধ্যমে জনগণকে দ্বিতীয় পর্যায়ে প্রতারিত করে থাকে ওই দোকানিরা।”