ঈদযাত্রার ট্রেনের টিকেট: ৩০ মিনিটে সার্ভারে ৪০ লাখ হিট
সার্ভারের চাপ সামলাতে বুধবার সকাল ৮টায় রেলের পশ্চিমাঞ্চল এবং বেলা ১২টায় পূর্বাঞ্চলের টিকেট বিক্রি শুরু হয়।
ঈদে ঘরমুখো মানুষের জন্য ট্রেনের আগাম টিকেট বিক্রি শুরু হয়েছে; প্রথম দিন দেওয়া হয়েছে ২৪ জুন ট্রেন যাত্রার টিকেট। গত ঈদের মত এবারও সব টিকেট অনলাইনে বিক্রি হচ্ছে।
বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, বুধবার সকাল ৮টায় রেলওয়ে পশ্চিমাঞ্চলের টিকেট বিক্রির জন্য সার্ভার চালু হয়। প্রথম ৩০ মিনিটেই সাইটে প্রবেশ করে প্রায় ৪০ লাখ মানুষ। আর পূর্বাঞ্চলের টিকেটের জন্য বেলা ১২টায় সার্ভার চালু হলে তাতে ১৪ লাখ মানুষ ভিজিট করেন।
বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক (ঢাকা) মোহাম্মদ সফিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২৪ তারিখে বিভিন্ন ট্রেনের জন্য ঢাকা থেকে ২৭ হাজার টিকেট বিক্রি হবে। বেলা ৩টা পর্যন্ত ২২ হাজার টিকেট বিক্রি হয়ে গেছে।
রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন গত ৩০ মে এক সংবাদ সম্মেলনে ঈদের পাঁচ দিন আগে থেকে ট্রেনযাত্রার আগাম টিকেট বিক্রির ঘোষণা দেন। ঈদের পরের পাঁচ দিনের আগাম টিকেটও অনলাইনে কেনা যাবে।
সেদিন রেলমন্ত্রী জানান, ১৪ জুন পাওয়া যাবে ২৪ জুনের টিকেট। একইভাবে ১৫ জুন দেওয়া হবে ২৫ জুনের, ১৬ জুন ২৬ জুনের, ১৭ জুন ২৭ জুনের এবং ১৮ জুন দেওয়া হবে ২৮ জুনের অগ্রিম টিকেট।
ঈদযাত্রার ট্রেনের ফিরতি অগ্রিম টিকেট দেওয়া শুরু হবে আগামী ২২ জুন। সেদিন আগামী ২ জুলাইয়ের টিকেট পাওয়া যাবে। পরবর্তীতে ২৩ জুন ৩ জুলাইয়ের, ২৪ জুন ৪ জুলাইয়ের, ২৫ জুন ৫ জুলাইয়ের ও ২৬ জুন ৬ জুলাইয়ের টিকেট দেওয়া হবে।
সেদিনই সংবাদ সম্মেলনে জানানো হয়েছিল, সার্ভারের চাপ সামলাতে এবার পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের টিকেট আলাদা বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে রেলপথ মন্ত্রণালয়।
বাংলাদেশ রেলওয়ে জানায়, ঈদে আসনবিহীন টিকেট বিক্রি হবে মোট আসনের ২৫ শতাংশ। ঢাকা, ঢাকা ক্যান্টনমেন্ট, বিমানবন্দর ও জয়দেবপুর স্টেশন থেকে এসব টিকেট পাওয়া যাবে। শুধু যাত্রার দিন আসনবিহীন টিকেট স্টেশনের কাউন্টার থেকে কেনা যাবে।
পুরনো খবর:
