২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাসে আগুন: বিএনপির আলাল-নিরবসহ আট জনের কারাদণ্ড

দণ্ডবিধি ১৪৭ ধারায় এক বছর ও ৪৩৫ ধারায় দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়।

বাসে আগুন: বিএনপির আলাল-নিরবসহ আট জনের কারাদণ্ড

বিএনপির যুগ্ম মহাসচিব আলাল ও যুবদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম নিরব

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2023, 04:12 PM

Updated : 31 Dec 2023, 06:08 PM

দশ বছর আগের এক নাশকতার মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল ও যুবদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম নিরব ও জামায়াত নেতা ডা. শফিকুল ইসলাম মাসুদসহ আট জনকে তিন বছরের কারাদণ্ড রায় দিয়েছে আদালত। 

ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ জসীম রোববার (৩১ ডিসেম্বর)  এ রায় দেন। 

আসামিপক্ষের আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল কাদির ভুইয়া জুয়েল, বিএনপির হারুন অর রশিদ, ওবায়দুল হক নাছির , শহীদুল হক হিরু ও মো. ইব্রাহীম। 

তিনি বলেন, পৃথক দুই ধারায় এ কারাদণ্ডের আদেশ দেন বিচারক। এর মধ্যে দণ্ডবিধি ১৪৭ ধারায় এক বছর ও ৪৩৫ ধারায় দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়। 

পাশাপাশি তাদেরকে ১০ হাজার টাকা জরিমানাও করেছে আদালত। জরিমানা অনাদায়ে তাদের আরো দুই মাস কারাভোগ করতে হবে। 

মামলার নথি  থেকে জানা যায়, ২০১৩ সালের ১ ডিসেম্বর রাজধানীর ধানমন্ডি থানার সাত মসজিদ রোডে আসামিরা একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করেন। 

এ ঘটনায় ধানমন্ডি থানার এসআই আব্দুল্লাহ আল মামুন ফরাজী বাদী হয়ে মামলা করেন। 

২০১৪ সালের ১৫ ডিসেম্বর বিএনপির যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, যুবদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম নিরব, ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল কাদির ভুইয়া জুয়েল, জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাস মাসুদ, বিএনপির হারুন অর রশিদ, ওবায়দুল হক, শহীদুল ইসলাম হীরা ও ইব্রাহীমের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পু্লিশ। 

১৭ জন সাক্ষীর মধ্যে থেকে ৬ জনের সাক্ষ্য নিয়ে রায় দিল আদালত।