২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভাষাসৈনিকদের তালিকা হচ্ছে

ভাষার জন্য যারা ৫২-এ আন্দোলনে নেমেছিলেন তাদের তালিকা তৈরির কাজে হাত দিয়েছে ভাষা আন্দোলন মিউজিয়াম। সাড়াও মিলছে ব্যাপক। এ তালিকা প্রণীত হলে নতুন প্রজন্ম ওই আন্দোলনে যুক্ত ভাষাসৈনিকদের সম্পর্কে জানতে পারবে বলে উদ্যোক্তারা জানিয়েছেন। বিস্তারিত জানাচ্ছেন মোশতাক আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2008, 09:40 AM

Updated : 26 Aug 2022, 01:24 PM

মোশতাক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, ফেব্র"য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীউল হক একজন ভাষাসৈনিক। পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলার দাবিতে রাজপথে তিনি মিছিল করেন। এজন্য তাকে সরকারের রোষানলে পড়ে কারাবরণও করতে হয়েছে বার কয়েক। কর্মজীবনে তিনি একজন আইনজীবী। আর সংস্কৃতি ক্ষেত্রে তিনি একজন লেখক, কবি, গীতিকার। রাষ্ট্রভাষা বাংলা মর্যাদা পাবার পর উচ্চ আদালতে বাংলা ভাষা প্রতিষ্ঠার জন্য এই ভাষাসৈনিকের চেষ্টার কোনো কমতি ছিল না। এমনি আছেন ভাষাকন্যা সুফিয়া আহমেদ, ভাষাসৈনিক আব্দুল মতিনসহ অনেকেই। যারা ভাষাকন্যা কিংবা ভাষাসৈনিক নামেই পরিচিত। তবে যাদের পরিচয় আজও পাওয়া যায়নি, তারা কেনইবা থাকবেন উপেক্ষিত। থাকবেন সবার অগোচরে। তাই তাদেরই তালিকা তৈরির কাজ শুরু করেছে 'ভাষা আন্দোলন মিউজিয়াম'। সাড়াও মিলছে ব্যাপক। চিঠি লিখে বা সরাসরি যোগাযোগ করে অনেকেই নাম ঠিকানা দিয়েছেন। ভাষা সৈনিকদের তালিকা তৈরি ছাড়াও এই মিউজিয়াম চার হাজার পৃষ্ঠার ভাষা আন্দোলন পিডিয়া প্রকাশেরও কাজ করছে। ভাষা মিউজিয়ামের পরিচালক ও সদস্য সচিব এম আর মাহবুব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন "আমরা এই ফেব্র"য়ারি মাসের শুরু থেকে ভাষাসৈনিকদের তালিকা তৈরির কাজ শুরু করেছি। ইতোমধ্যে ব্যাপক সাড়া পাওয়া গেছে। প্রচুর চিঠি আসছে। অনেকে সরাসরি মিউজিয়ামে এসে নাম ঠিকানা জমা দিয়ে যাচ্ছেন। আমরা এই নামা ঠিকানা সংগ্রহের পর যাচাই বাছাই কমিটির মাধ্যমে প্রয়োজনে সরেজমিনে পরিদর্শন করে পুর্ণাঙ্গ তথ্যের ভিত্তিতে তালিকা তৈরি করবো।" তিনি বলেন "ভাষা আন্দোলনের এত বছর পরও ভাষাসৈনিকদের কোনো পূর্ণাঙ্গ তালিকা নেই। আমরা মিউজিয়ামের উদ্যোগে এই মহান আন্দোলনে যারা শহীদ হয়েছেন এবং যারা জীবিত আছেন তাদের একটি পূর্ণাঙ্গ তালিকা তৈরির কাজ শুরু করেছি । কারণ এতে করে ভাষা সৈনিকরা যেমন স্বীকৃতি পাবেন, তেমনি মানুষ সহজেই ভাষা সৈনিকদের সর্ম্পকে জানতে পারবে।" ভাষা আন্দোলনের স্মৃতি রক্ষার্থে ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত হয় এই ভাষা আন্দোলন মিউজিয়াম। বর্তমানে এটি ধানমন্ডির ১০ নম্বর সড়কের ভাষাসৈনিক কাজী গোলাম মাহবুবের বাড়িতে তিনটি কক্ষ নিয়ে পরিচালিত হচ্ছে। পরিচালক এম আর মাহবুব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভাষাসৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশন ট্রাস্টের অর্থায়নে পরিচালিত এই মিউজিয়াম সকাল ১০টা থেকে রাত নয়টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত রাখা হয়। এখানে ১২০ জন ভাষা সৈনিকের স্মারক স্মৃতি ছাড়াও ভাষা আন্দোলনের ইতিহাস সম্পর্কিত বিষয় রয়েছে। ভাষা আন্দোলনের ইতিহাস সম্পর্কিত এত তথ্য এই মিউজিয়াম ছাড়া অন্য কোথাও পাওয়া যাবে না। এছাড়া গবেষণা, ভাষা আন্দোলনের আঞ্চলিক ইতিহাস সংগ্রহ, দেশ বিদেশে নির্মিত শহীদ মিনারের ইতিহাস প্রণয়ন,শর্ট ফিল্ম, প্রামাণ্য গ্রন্থসহ বিভিন্ন বিষয় সংরক্ষিত আছে মিউজিয়ামে। তিনি বলেন "ভাষা আন্দোলন মিউজিয়াম ভাষা আন্দোলনের স্মৃতি রক্ষার্থে নানামুখী কাজ করে যাচ্ছে। ভাষা সৈনিকদের তালিকা তৈরির কাজের পাশাপাশি চার হাজার পৃষ্ঠার ভাষা আন্দোলন পিডিয়ার প্রকল্পের কাজ চলছে। এই পিডিয়ায় ভাষা আন্দোলনের পূর্ণাঙ্গ ইতিহাস পাওয়া যাবে। সারা বিশ্বে ভাষা আন্দোলনের ঘটনা প্রবাহ তুলে ধরতে ইংরেজীতে ভাষা আন্দোলনের ইতিহাস পুস্তিকা আকারে লিখে ইউনেস্কোভূক্ত দেশসমুহে পাঠানোর কাজ চলছে। এম আর মাহবুব ভাষা সৈনিকদের রাষ্ট্রীয় মর্যাদা দেয়ার পাশাপাশি একটি ভাষা নীতি প্রণয়নেরও দাবি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/এএল/এমআই/১৫২৫ ঘ.