২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

স্মৃতির খোরাকে ভরা সেবা প্রকাশনীর স্টল

সম্রাট আহমেদ ও সালাউদ্দিন আহমেদ দু'ভাই শুক্রবার ময়মনসিংহ থেকে এসেছেন একুশের বইমেলায়। দুহাত ভর্তি সেবা প্রকাশনীর বই। সেবা'র বই কেনা শেষে আর কোনো প্রকাশনীর ধারকাছে না ঘেঁষে সোজা ছুটছিলেন মেলা থেকে বের হওয়ার পথে। দেরি হলে বাড়ি ফেরার ট্রেন 'মিস' হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2008, 12:02 PM

Updated : 26 Aug 2022, 01:23 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সম্রাট আহমেদ ও সালাউদ্দিন আহমেদ দু'ভাই শুক্রবার ময়মনসিংহ থেকে এসেছেন একুশের বইমেলায়। দুহাত ভর্তি সেবা প্রকাশনীর বই। সেবা'র বই কেনা শেষে আর কোনো প্রকাশনীর ধারকাছে না ঘেঁষে সোজা ছুটছিলেন মেলা থেকে বের হওয়ার পথে। দেরি হলে বাড়ি ফেরার ট্রেন 'মিস' হবে। মেলায় এসে কেন শুধু একটি প্রকাশনীর বই কেনা- প্রশ্নের জবাবে তাদের ঝটপট উত্তর, 'সেবা'র বইয়ের মাঝেই পুরোনো স্মৃতি খুঁজে পাই। এই প্রকাশনীর সব বই একসঙ্গে পেতেই এই মেলায় ছুটে আসা। এবারের একুশে বইমেলার শুরু থেকেই সেবা প্রকাশনীর স্টলে এমনি স্মৃতিকাতর ভক্ত পাঠকের ভিড়। সঙ্গে আছে নবীন পাঠকের দলও। সবমিলিয়ে জমজমাট বিকিকিনি সেবা'র স্টলে। টেলিভিশন ক্যামেরাকে ঘিরে মেলার মাঠে এখানে সেখানে দল পাকানো মানুষ। কিন্তু সেবা প্রকাশনীর আশপাশের ভিড় তার চেয়েও কয়েকগুণ বেশি। ঠাসাঠাসি ভিড়ে সেখানে বই কিনছেন নানান বয়সীরা। ব্যাপারটা এমন বয়স এখানে মূল পরিচয় নয়, সবাই সেবা প্রকাশনীর পাঠক। ভিড় ঠেলে বই কিনতে দেখা গেল চলচ্চিত্র পরিচালক ও সংবাদ পাঠিকা সামিয়া জামানকে। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মাঝখানে প্রায় ২০ বছর সেবার বই কিনিনি। এবারের বইমেলায় ছোটবোনকে বই কিনে দিতে এসেছি। সেবার বই পড়লে সেই কৈশোরে ফিরে যেতে ইচ্ছে করে।" সেবা প্রকাশনীর স্টলে শুক্রবার 'ভয়ানক' ভিড়ের কারণ জিজ্ঞেস করতেই ক্রেতাদের জবাব, শেষ মুহূর্তে চাহিদা অনুসারে হয়তো বই পাওয়া যাবে না- সেই আশঙ্কায় এখনই তারা পছন্দের বই কিনে নিচ্ছেন। একজন সেবাভক্ত আবদুল্লাহ আলী আকবর বলেন, "সেবার বই পড়াটা অনেকটা নেশার মতো। তাই বেশি করে বই কিনে নিচ্ছি।" আইনজীবী সালাউদ্দিন আহমেদ জুলভার্নের সায়েন্সফিকশনের অনুবাদ বইগুলো কিনছিলেন। রাশভারি চেহারায় হাসির পরশ বুলিয়ে বললেন, "যারা সেবার বই পড়ে তাদের ক্ষেত্রে বয়স বা পেশা কোনো বাধা নয়।" এবারের মেলায় সেবা প্রকাশনীর স্টলে বই রয়েছে প্রায় ১৮০০টি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডিএস/এসএনডি/১৮০০ ঘ.